উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যাটে রান থাকলেও টস ভাগ্যে যেন কিছুতেই শিকে ছিঁড়ছিল না ভারতীয় অধিনায়কদের। তবে ২০২৬-এর শুরুতে সেই ‘শাপমুক্তি’ ঘটল শুভমান গিলের হাত ধরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে (IND vs NZ 1st ODI)টস জিতলেন ভারত অধিনায়ক। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ‘মেন ইন ব্লু’।
টসের ‘মুদ্রাদোষ’ ও পরিসংখ্যান:
ভারতীয় ক্রিকেটে গত কয়েক বছর ধরে টস যেন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকে টানা ২০টি ওয়ানডে ম্যাচে টস হারতে হয়েছে ভারতকে। রোহিত শর্মা থেকে শুরু করে নেতৃত্বের ব্যাটন শুভমানের হাতে এলেও, টস হারের ধারা অব্যাহত ছিল। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কেএল রাহুল সেই ধারা ভেঙেছিলেন তৃতীয় ম্যাচে বাঁ-হাতে কয়েন ছুড়ে। এবার নতুন বছরের শুরুতেই টস জিতে সেই ইতিবাচক ধারা বজায় রাখলেন শুভমান। ফলে দীর্ঘ খরার পর টানা দুই ম্যাচে টস এল ভারতের পক্ষে।
কৌশল ও শিশির ফ্যাক্টর:
টস জিতে গিল জানান, এই উইকেটে পরে ব্যাট করা সুবিধাজনক হতে পারে। বিশেষ করে সন্ধ্যের পর শিশির (Dew) পড়ার সম্ভাবনা থাকায় রান তাড়া করা সহজ হবে। হাসিমুখে ভারত অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বল করব। আশা করি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে সুবিধা হবে। বিজয় হাজারে ট্রফিতে খেলে ছেলেরা ভালো ফর্মে রয়েছে।’
রোহিত-বিরাটকে নিয়ে শক্তিশালী একাদশ:
উল্লেখ্য, এই ম্যাচে শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামছেন সিনিয়র তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এছাড়াও দলে ফিরছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। পেস আক্রমণে থাকছেন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ।
ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

