উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বছর ঘুরেছে, কিন্তু ক্ষতে টান ধরেনি। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় (Pahalgam attack) ২৬ জন নিরপরাধ মানুষের মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল দেশকে। সেই কালো দিনটির এক বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা (Indian Army)। বুধবার এই হামলার বর্ষপূর্তি। তার ঠিক আগে সেনার অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে।
সেনার তরফে স্পষ্ট জানানো হয়েছে, “যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়াবহ। কিছু সীমা কখনওই পার করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়।”


সেনার পোস্টে একটি বিশেষ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, যা ‘অপারেশন সিঁদুর’-এর পোস্টারের আদলে তৈরি। ভারতের মানচিত্রের উপর বড় হরফে লেখা— “কিছু সীমা লঙ্ঘন করা উচিত নয়”। ঠিক তার নিচেই রয়েছে এক অমোঘ অঙ্গীকার: “ভারত কখনও ভুলবে না”।
উল্লেখ্য, গত বছর পহেলগাঁও হামলার মোক্ষম জবাব দিতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ডেরা গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় ফৌজ, যা ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। আজকের এই পোস্টের মাধ্যমে সীমান্তপারকে আরও একবার সেই সামরিক সংঘাত এবং ভারতের কঠোর অবস্থান মনে করিয়ে দেওয়া হলো বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
হামলার পর ধাক্কা খেয়েছিল পর্যটন ব্যবসা। তবে প্রশাসন ও পুলিশের তৎপরতায় উপত্যকায় ফের পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রথম বর্ষপূর্তির আগে পহেলগাঁও-সহ জম্মু-কাশ্মীরের সমস্ত পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে।
নিরাপত্তায় কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?
- কিউআর কোড স্ক্যানার: পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে পর্যটন ব্যবসার সাথে যুক্ত প্রতিটি দোকানদার, গাইড এবং খাদ্য বিক্রেতাদের জন্য কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে।
- পরিচয় যাচাই: পর্যটকেরা কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয় জানতে পারবেন।
- হাই-লেভেল মিটিং: সেনা, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা পরিস্থিতির ওপর নজর রাখতে দফায় দফায় বৈঠক করছেন।
গত বছর ২২ এপ্রিল বৈসরণ উপত্যকায় অতর্কিত জঙ্গি হানায় প্রাণ হারান ২৬ জন। ঘটনার পর প্রায় ৫০টি পর্যটনস্থল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারত হাত গুটিয়ে বসে থাকেনি। পাল্টা আঘাত হানতে শুরু হয় ‘অপারেশন সিঁদুর’, যেখানে সীমান্তের ওপারে গিয়ে জঙ্গিদের ডেরা তছনছ করে দেয় ভারতীয় সেনা। আজ সেই বীরত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতীয় সেনা বুঝিয়ে দিল, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আজও ততটাই অবিচল।

