Kolkata | ‘ভারত-ইংল্যান্ড উপভোগ্য সিরিজ হবে’, বাবার সঙ্গে ইডেনে ঈশা গুহ

শেষ আপডেট:

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ নৈশালোকের ঝলমলে ইডেন গার্ডেন্স। শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। তার আগে সন্ধ্যার ইডেনে তখন দুই শিবিরই চুটিয়ে অনুশীলনে ব্যস্ত। এমন সময় বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে এক তরুণী প্রবেশ করলেন ক্রিকেটের নন্দনকাননের ক্লাব হাউসে। মাঠ থেকে তাঁকে দেখেই হাত নাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর তাঁকে দেখে এগিয়ে এলেন পাঞ্জাব কিংসের সাজঘরের সামনে।

ভালো করে দেখার পরই চমক। ঈশা গুহ। ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ৮টি টেস্ট, ৮৩টি একদিনের ম্যাচ ও ২২টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ঈশার। এখন স্কাই স্পোর্টসে নিয়মিত ধারাভাষ্য দেন। আপাতত কিছুদিনের ছুটিতে বাবা বরুণ গুহকে সঙ্গে নিয়ে এসেছেন কলকাতায়। পরিকল্পনা রয়েছে বেঙ্গালুরু ও ধরমশালায় যাওয়ার। শনিবার রাতের ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচও গ্যালারিতে বসে দেখবেন। শেষ কবে ভারতে এসেছেন? প্রশ্ন করতেই গভীর চিন্তায় পড়ে গেলেন ঈশা। একটু ভেবে বলে দিলেন, ‘২০০৫-’০৬ মরশুমে ভারত সফরে এসেছিলাম ইংল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে। এই ইডেনে টেস্টও খেলেছি।’ তাঁর বাবা ক্রিকেটপ্রেমী বরুণ মনেই করতে পারছিলেন না শেষ কবে ইডেনে বসে খেলা বা অনুশীলন দেখেছেন কোনও দলের। বলছিলেন, ‘২০২৩ সালে অল্প কয়েকদিনের জন্য একবার ভারতে এসেছিলাম। সেই সময় কলকাতাতেও হাজির হয়েছিলাম। তবে ইডেনে আসা হয়নি।’

জুন মাসে রোহিত শর্মার ভারত ইংল্যান্ড সফরে যাবে। পাঁচ টেস্টের সিরিজ নিয়ে ক্রিকেটমহলে ভালোরকম আগ্রহ রয়েছে। ঈশা সেই সিরিজে স্কাই স্পোর্টসে ধারাভাষ্যও দেবেন। আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজ নিয়ে তাঁর পর্যবেক্ষণ, ‘নিশ্চিতভাবেই উপভোগ্য সিরিজ হবে। দুর্দান্ত দুটি দল যখন পরস্পরের বিরুদ্ধে খেলবে, মজাদার ক্রিকেট দেখতে পাব আমরা। কোন দল ফেভারিট, প্লিজ প্রশ্নটা করবেন না আমায়। ব্যক্তিগতভাবে আমি দুর্দান্ত একটা সিরিজের অপেক্ষায় রয়েছি।’ বিরাট কোহলি ও রোহিত শর্মাদের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জোরদার জল্পনা চলছে। কোহলি-রোহিতদের মধ্যে কি এখনও ক্রিকেট বেঁচে রয়েছে? প্রশ্ন শুনে ঝড়ের গতিতে ঈশার জবাব, ‘অবশ্যই। রোহিত-বিরাটরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। আমি নিশ্চিত ওদের মধ্যে এখনও ক্রিকেট বেঁচে রয়েছে। রোহিতরা এমন প্রতিভা, যাঁরা নিজেরাই ঠিক করবেন ক্রিকেটকে অবসর জানানোর সময়টা।’

গত ডিসেম্বর-জানুয়ারিতে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের সময় জসপ্রীত বুমরাহ টানা পাঁচ টেস্টের ধকল নিতে পারেননি। সিডনিতে শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় বুমরাহর সঙ্গে মহম্মদ সামি ছিলেন না। ফলে ভারতীয় পেস বোলিং কিছুটা দুর্বল ছিল। বিলেত সফরে ভারতীয় বোলিং কি ‘এক্স’ ফ্যাক্টর হবে? ঈশা বলছেন, ‘বুমরাহ আইপিএল খেলছে। ওর ফিটনেস নিয়ে কোনও সমস্যা রয়েছে বলে মনে হয় না। আধুনিক ক্রিকেটের সেরা জোরে বোলার ও। বিলেত সফরে বুমরাহর সঙ্গে সামিও থাকবে। আমি নিশ্চিত, ভারতীয় বোলিং চাপে রাখবে ইংল্যান্ড ব্যাটিংকে।’ পহলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে ঈশা বলেছেন, ‘খুব দুঃখজনক ঘটনা। কাশ্মীরের মতো জায়গায় এই রকম ঘটনা ভাবাই যায় না। আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত।’

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | আইপিএলে ‘রিল’ সংস্কৃতিতে কোপ বিসিসিআই-এর! কড়া নজরদারিতে ক্রিকেটার ও ধারাভাষ্যকারেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) গ্ল্যামার আর ক্রিকেটের...

French Open | ফরাসি ওপেন বয়কটের হুঁশিয়ারি সিনারদের

রোম: ফরাসি ওপেন (French Open) শুরুর আগেই চড়ছে প্রতিবাদের...

IPL | ক্রুণালের কলার ধরে ধাক্কা পুরানের

লখনউ: চার ম্যাচ পর জয়ের মুখ দেখেছে লখনউ সুপার...

Finn Allen | পরিশ্রমের ফল পেলাম : অ্যালেন

নয়াদিল্লি: ৩৭, ২৮, ৬, ৯, ১, ২৯। কলকাতা নাইট...