নয়াদিল্লি: ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত নতুন শুল্ক নীতির ফলে ভারতের অর্থনীতিতে বড় কোনও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই (India-Iran Trade)। তেহরানের (Tehran) সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ন্যূনতম পর্যায়ে রয়েছে বলেই এই মূল্যায়ন। কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এক নতুন বাণিজ্য নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, যে সমস্ত দেশ ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তাদের থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প এই সিদ্ধান্তকে “চূড়ান্ত” বলে অভিহিত করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন। এই পদক্ষেপ ভারত সহ বিশ্বের একাধিক বাণিজ্য অংশীদারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল।
সরকারি সূত্রে জানা গেছে, ভারতের শীর্ষ ৫০টি বৈশ্বিক বাণিজ্য অংশীদারের তালিকায় ইরান নেই। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইরানের সঙ্গে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১.৬ বিলিয়ন ডলার, যা ভারতের মোট বাণিজ্যের মাত্র ০.১৫ শতাংশ। ওই আধিকারিক জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যের ঝুঁকি অত্যন্ত সীমিত।’ তিনি আরও জানান, ‘বর্তমান অর্থবর্ষে বাহ্যিক অর্থনৈতিক কারণে এই বাণিজ্যের পরিমাণ আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইরানের মোট আমদানির পরিমাণ ছিল প্রায় ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে তাদের প্রধান অংশীদার ছিল সংযুক্ত আরব আমিরাত (৩০%), চীন (২৬%) এবং তুরস্ক (১৬%)। সেখানে ইরানের আমদানিতে ভারতের অংশীদারিত্ব ছিল মাত্র ১.২ বিলিয়ন ডলার বা প্রায় ২.৩ শতাংশ। এই পরিসংখ্যানের ভিত্তিতেই সরকারি সূত্রের দাবি, ওয়াশিংটনের ঘোষিত ২৫ শতাংশ শুল্কের প্রভাব ভারতের ওপর নগণ্য হবে। উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বাণিজ্য চাপের মুখে রয়েছে। বর্তমানে ইরানে আলি খামেনির নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের আবহেই যুক্তরাষ্ট্রের তরফে এই ঘোষণা করা হয়েছে।

