উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে পশ্চিম এশিয়ায় সংঘর্ষ (West Asia Conflict) থামার ইঙ্গিত মিলেছে। তবে সংঘর্ষ থামলেও এখনও অশান্তির আগুনে ছেয়ে রয়েছে ইরান। যে কোনও মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এই আবহে ইরানে বসবাসকারী ভারতীয়দের (India Issues Fresh Advisory) দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ইরানে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার কথা মাথায় রেখে বুধবার অত্যন্ত জরুরি ভিত্তিতে একটি নির্দেশিকা জারি করেছে মোদি সরকার।
দূতাবাসের জরুরি নির্দেশিকা
তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান। কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।’ যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সেগুলি হল – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।
⚠️ Advisory as on 08 April 2026. pic.twitter.com/pusFQIAKKI
— India in Iran (@India_in_Iran) April 8, 2026
যুদ্ধবিরতির প্রেক্ষাপট ও শর্ত
বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) পাকিস্তানের মধ্যস্থতায় এই সংঘর্ষবিরতির ঘোষণা করেন। শর্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহ আমেরিকা ইরানে কোনো সামরিক অভিযান চালাবে না। বিনিময়ে ইরান শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
কেন এই সতর্কতা?
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। পর্দার আড়ালে অনেক জটিলতা রয়ে গিয়েছে। তাছাড়া ইজরায়েল এই প্রস্তাবে সম্মতি জানালেও অঞ্চলের অস্থিরতা পুরোপুরি কাটেনি। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো বড় অঘটন এড়াতেই ভারত সরকার ঝুঁকি নিতে চাইছে না। মূলত নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন সাউথ ব্লকের প্রধান লক্ষ্য।

