উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের শৈত্য এবার ক্রীড়া ময়দানেও স্থায়ী রূপ নিল। বুধবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ (ক্রিকেট বা অন্য খেলা) আয়োজিত হবে না (India Pakistan no bilateral sports series)। অর্থাৎ, ভারতীয় দল যেমন পাকিস্তানে খেলতে যাবে না, তেমনই পাকিস্তানকেও ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার অনুমতি দেওয়া হবে না।
দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা থাকলেও অলিম্পিক্স, এশিয়া কাপ বা কমনওয়েলথ গেমসের মতো বহুপাক্ষিক বা আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা কম থাকছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:


- ভারত বা বিদেশে অনুষ্ঠিত বহুপাক্ষিক টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বাধা নেই।
- আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় পাকিস্তান অংশ নিলে সেখানে ভারতের অংশগ্রহণে আপত্তি নেই।
- ভারতে অনুষ্ঠেয় বড় টুর্নামেন্টে পাকিস্তানের ক্রীড়াবিদ ও আধিকারিকরা আসতে চাইলে তাঁদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে।
২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬-এর অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যে ভারত এক বড় পদক্ষেপ নিয়েছে। অলিম্পিক্সের সনদ মেনে বিশ্বের সমস্ত প্রান্তের ক্রীড়াবিদদের জন্য ভারতকে একটি আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরতেই ভিসা নীতিতে এই পরিবর্তন। তবে জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পথটি আপাতত বন্ধই রাখা হয়েছে।
গত বছর পহেলগাঁও হত্যাকাণ্ডের পর এশিয়া কাপের আবহে যে বিশেষ ক্রীড়া নীতি তৈরি করা হয়েছিল, এদিনের বিজ্ঞপ্তি তারই একটি আনুষ্ঠানিক রূপ।

