উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার থেকে ভারতের তেল কেনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রক সাফ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও ফোনালাপই হয়নি (Trump-Modi )। বুধবার ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বহুদিন ধরেই ভারতের উপর ক্ষুব্ধ আমেরিকা। ট্রাম্প ক্ষমতায় আসার পর তেল কেনা বন্ধের জন্য ভারতের উপর নানা ভাবে চাপ সৃষ্টিও করা হয় আমেরিকার তরফে। কিন্তু ভারত জাতীয় স্বার্থে রাশিয়ার থেকে তেল কেনা জারি রেখেছে। যার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। কিন্তু তাতেও ভারতের অবস্থান পরিবর্তন হয়নি। বরং রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হঠাৎই ট্রাম্প দাবি করেন, ‘মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিরোধী দলনেতা রাহুল গান্ধি নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’ কিন্তু তার কিছুক্ষণ পরই বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানায়, তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। এরপর অবস্থান আরও স্পষ্ট করে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়, ‘ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনওটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি।’ অর্থাৎ এই বিবৃতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের দাবিকে, কার্যত উড়িয়ে দিল ভারত। শুধু তাই নয়, ট্রাম্প যে ‘মিথ্যাচার’ করেছেন ঘুরিয়ে তাও বলে দিল বিদেশমন্ত্রক।

