উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি (India-US Trade Deal) এখনই স্বাক্ষরিত হচ্ছে না। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওয়াশিংটনের নতুন শুল্ক কাঠামো (New US tariff structure) স্পষ্ট হওয়ার পরই এই চুক্তি চূড়ান্ত রূপ পাবে। কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, দুই দেশ বর্তমানে চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। গত মাসে এই চুক্তির রূপরেখা চূড়ান্ত হলেও আমেরিকার অভ্যন্তরীণ বাণিজ্যিক নীতির পরিবর্তনের কারণে সই করার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট ভারতের মতো বেশ কিছু দেশের ওপর ট্রাম্প প্রশাসনের চাপানো পুরোনো শুল্ক কাঠামো বাতিল করে দেয়। এরপরই বৈদেশিক লেনদেনে ভারসাম্য বজায় রাখতে মার্কিন সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী সমস্ত দেশের আমদানির ওপর সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই অস্থায়ী ব্যবস্থা আগামী পাঁচ মাস কার্যকর থাকবে। আমেরিকার এই পরিবর্তিত শুল্ক নীতির কারণেই দুই দেশের মুখ্য আলোচকদের বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে।
এই চুক্তির মূল লক্ষ্য হল মার্কিন বাজারে ভারতীয় পণ্যের জন্য অগ্রাধিকার নিশ্চিত করা। প্রাথমিক আলোচনায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার প্রস্তাব ছিল। এতে চিন, ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভারত সুবিধাজনক অবস্থানে থাকত। তবে আধিকারিকদের মতে, আমেরিকা তাদের সামগ্রিক শুল্ক কাঠামো নতুন করে সাজালে ভারতের জন্য প্রস্তাবিত এই হারেও পরিবর্তন আসতে পারে।
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, শুল্ক ছাড়াও বিভিন্ন কারিগরি বাধা (Non-tariff barriers) এবং ‘সেকশন ২৩২’ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) সম্প্রতি ভারত ও চিন সহ বেশ কিছু দেশের বিরুদ্ধে ‘সেকশন ৩০১’-এর অধীনে তদন্ত শুরু করেছে। বিশেষ করে বাধ্যতামূলক শ্রম এবং শিল্প নীতি সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখছে আমেরিকা। তবে ভারতীয় আধিকারিকদের দাবি, এতে আলোচনার ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না এবং সঠিক সময়েই চুক্তি স্বাক্ষরিত হবে।

