উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব অর্থনীতির আঙিনায় এক ঐতিহাসিক পদক্ষেপ। ভারত ও আমেরিকার মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি (India-US Trade Deal) নিয়ে শনিবার বড়সড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Commerce Minister Piyush Goyal)। তিনি জানিয়েছেন, এই চুক্তিতে একদিকে যেমন ভারতীয় কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে, তেমনই মার্কিন পণ্যের জন্য ভারতের দরজা খোলার পথেও তৈরি হয়েছে এক ভারসাম্যপূর্ণ রূপরেখা।
এদিন বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, ভারতীয় কৃষকদের স্বার্থে কোনও আপস করা হয়নি। গম, চাল, ভুট্টা, সয়াবিন এবং পোল্ট্রির মতো সংবেদনশীল কৃষি পণ্যের উপর পূর্বের চড়া শুল্ক বহাল থাকছে। সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে ভারতের বিশালাকায় ডেয়ারি সেক্টরকেও। দুধ, পনির, মাখন বা ঘি— মার্কিন কোনও দুগ্ধজাত পণ্যই ভারতীয় বাজারে শুল্কহীন প্রবেশাধিকার পাচ্ছে না। এছাড়া চা ও মশলার মতো ভারতের ঐতিহ্যবাহী রপ্তানি পণ্যের সুরক্ষাতেও অনড় কেন্দ্র।
এই চুক্তির ফলে ডেটা সেন্টার, এআই হার্ডওয়্যার এবং সেমিকন্ডাক্টরের মতো প্রযুক্তি পণ্যের আমদানি শুল্ক কমছে, যা ডিজিটাল ইন্ডিয়াকে আরও গতিশীল করবে।
বিনিময়ে আমেরিকাও ভারতীয় পণ্যের উপর শুল্কের বোঝা কমিয়েছে। বস্ত্র শিল্প (টেক্সটাইল), চামড়াজাত পণ্য, জুতো এবং রত্ন-অলঙ্কারের মতো শ্রমনির্ভর শিল্পে মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে আনা হয়েছে। এতে বিশ্ববাজারে ভারতীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতা করার ক্ষমতা কয়েক গুণ বাড়বে।

