উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে না। হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মতো তারকারা নাম তুলে নেওয়ার পর সেই ম্যাচ বাতিল করা হয়েছে।
১৮ জুলাই ইংল্যান্ডে শুরু হয়েছে ডব্লিউসিএল। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেট তারকারা এতে অংশ নিয়েছেন। যুবরাজ সিংয়ের নেতৃত্বে রবিবার এজবাস্টনে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতীয় দলের। এনিয়েই শুরু হয় বিতর্ক। কারণ পহলগাম হামলায় জড়িত জঙ্গিরা আজও অধরা। সেই হামলায় পাক-মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হয়েছিলেন। ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ‘নো-এনগেজমেন্ট’ অর্থাৎ কোনও সম্পর্ক না রাখার অবস্থান নিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং বিসিসিআই। তারপরও কেনও ভারতীয় দলের প্রাক্তন তারকাদের ডব্লিউসিএলে খেলার অনুমতি দেওয়া হল, এনিয়ে সরব হয়েছিলেন নেটিজেনরা।
বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেছিলেন শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। কটাক্ষ করে তিনি বলছিলেন, ‘প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের ডব্লিউসিএলে পাকিস্তানের বিরুদ্ধে খেলার অনুমতি দেওয়া বিসিসিআইয়ের নৈতিক দৈনতাকে প্রতিফলিত করে।’
ভারতীয় সমর্থকদের ক্ষোভের আঁচ করে একে একে ম্যাচ থেকে নাম তুলে নেন হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়নার মতো তারকারা। তাঁরা জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন না। পাশাপাশি ম্যাচ বাতিলের জন্য তাঁরা আয়োজকদের চিঠিও দেন। তারপরই ডব্লিউসিএলের আয়োজকরা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। একই সঙ্গে ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন আয়োজকরা।

