উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু স্কোর খাড়া করল ভারত (India VS Pakistan T20)। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আঘা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য বাবর আজমদের করতে হবে ১৭৬ রান।
ভারতের ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। চোট সারিয়ে দলে ফেরা অভিষেক শর্মা এদিন রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। তবে অন্য ওপেনার ইশান কিষান ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৪৭ বলে ৭৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। যখন মনে হচ্ছিল ভারত ২০০-র দিকে এগোচ্ছে, ঠিক তখনই সাইম আয়ুবের বলে বোল্ড হয়ে ফেরেন ঈশান। তাঁর আউটের সময় ভারতের স্কোর ছিল ৮৮/২।
ঈশান ফেরার ঠিক পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। সাইম আয়ুব তাঁর পরের দুটি বলে পর্যায়ক্রমে তিলক বর্মা (২৫) এবং হার্দিক পাণ্ডিয়াকে (০) ফিরিয়ে দিয়ে ভারতকে বড় ধাক্কা দেন। ১২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নীল ব্রিগেড। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩২ রানের ইনিংস খেলে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও উসমান তারিকের বলে আউট হয়ে ফেরেন তিনি।
শেষের দিকে শিবম দুবে ২৭ রান করে আউট হন। ইনিংসের একেবারে শেষ দুই বলে ভারত হারায় শিবম এবং অক্ষর পটেলকে (০)। তবে একপ্রান্ত আগলে রেখে ১১ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। শেষ পর্যন্ত ভারতের স্কোর দাঁড়ায় ১৭৫/৭।
পাকিস্তানের হয়ে বল হাতে সবথেকে সফল সাইম আয়ুব। পর পর উইকেট নিয়ে তিনি ভারতের রানের গতি কমিয়ে দেন। উসমান তারিকও গুরুত্বপূর্ণ সময়ে সূর্যের উইকেট তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দেন।
কলম্বোর এই পিচে ১৭৬ রান তাড়া করা মোটেও সহজ হবে না। এখন দেখার বরুণ- অক্ষর, কুলদীপদের স্পিন ও বুমরাহর গতির লড়াইয়ে পাকিস্তান কতটা টক্কর দিতে পারে।

