উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U19 World Cup) ভারত বনাম আমেরিকা ম্যাচের স্কোরকার্ড দেখলে যে কেউ ধন্দে পড়তে পারেন। বৃহস্পতিবার মাঠে নামা ২২ জন ক্রিকেটারের প্রায় সকলেই ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার এই ভারতীয় বাহিনীর বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। তবে ১০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও বেশ কিছুটা বেগ পেতে হলো ভারতের ছোটদের।
টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে আমেরিকার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন পেসার হেনিল পটেল। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আমেরিকা। আমেরিকার অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব খাতা খুলতেই পারেননি। শেষ দিকে নীতীশ সুদিনির ৩৬ রানের সৌজন্যে আমেরিকা ১০৭ রানে পৌঁছায়। ভারতের হেনিল ১৬ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী মাত্র ২ বল হাত ঘুরিয়ে তুলে নেন শেষ উইকেটটি।
অপেক্ষাকৃত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আইপিএলে নজর কাড়া ১৪ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ৪ বলে ২ রান করে আউট হন। ঋত্ত্বিক আপ্পিডির বলে পুল মারতে গিয়ে বোল্ড হন তিনি। রান পাননি অধিনায়ক আয়ুষ মাত্রেও (১৯)। একের পর এক উইকেট হারিয়ে যখন ভারত চাপে, তখন দলের হাল ধরেন বাঙালি উইকেটরক্ষক ব্যাটার অভিজ্ঞান কুন্ডু।
বারবার বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়ায় ব্যাটারদের মনোসংযোগে সমস্যা হচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে অবিচল থাকেন অভিজ্ঞান। একদিক ধরে রেখে ৪১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ম্যাচ জেতানোর পাশাপাশি একটি দুর্দান্ত ছক্কা মেরে খেলা শেষ করেন এই বঙ্গসন্তান। তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ের সৌজন্যে ১৭.২ ওভারেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে ভারত।

