উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর সিকিমের (North Sikkim) লাচেন (Lachen) ও চুংথাংয়ের মাঝে ভয়াবহ ধসের জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। তবে প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাত উপেক্ষা করেই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কোর। শুরু হয়েছে বিশেষ উদ্ধার অভিযান ‘অপারেশন হিম সেতু’ (Operation Him Setu)।
গত রবিবার চুংথাং থেকে লাচেনগামী রাস্তায় তারুম চু ব্রিজের (Tarum Chu Bridge) কাছে বিশাল ধস নামে। যে কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে লাচেনেই আটকে পড়েন পর্যটকরা। এই কঠিন পরিস্থিতিতে পর্যটকদের ফিরিয়ে আনতে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও-এর (BRO) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সেনা জওয়ানরা। বরফ সরিয়ে বিকল্প পথ তৈরি এবং ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৩৫ জন পর্যটককে সফলভাবে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে (Tourists evacuation)। উদ্ধার করা হয়েছে ৩২টি হালকা যানবাহন এবং ১০টি মোটরসাইকেল। তুষারাবৃত পিচ্ছিল পথে সাধারণ মানুষের গাড়ি টেনে তুলতে ব্যবহার করা হচ্ছে সেনার শক্তিশালী গাড়ি। উদ্ধারকার্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রবীণ এবং অসুস্থ নাগরিকদের। উল্লেখ্য, এক ৮০ বছর বয়সি অসুস্থ বৃদ্ধকেও অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন জওয়ানরা।
বর্তমানে লাচেনে প্রায় ১,০০০ পর্যটক আটকে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের জন্য খাদ্য, পানীয় জল এবং জরুরি চিকিৎসার সুব্যবস্থা করেছে সেনাবাহিনী। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হলেও ধাপে ধাপে পর্যটকদের নীচে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে।
ত্রিশক্তি কোরের এক আধিকারিক এপ্রসঙ্গে বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং আটকে পড়া শেষ পর্যটককে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান চলবে।’ স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর এই যৌথ তৎপরতায় আশার আলো দেখছেন পর্যটকরা। তবে তুষারপাত অব্যাহত থাকায় কাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

