উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিয়ন্ত্রণরেখায় ফের সক্রিয় হয়ে উঠল পাকিস্তান। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় অন্তত দু’টি পাকিস্তানি ড্রোন (Pakistani Drone Attack) দেখা গেল। সূত্রের খবর, ভারতীয় সেনার (Indian Army) তৎপরতায় দ্রুত ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি চালিয়ে ধ্বংস করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগের ছায়া তৈরি হয়েছে।
মঙ্গলবার সকালেই সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা সীমান্তে কোনও উস্কানিমূলক কার্যকলাপ চালায়, তবে ভারত তার কড়া জবাব দেবে। কিন্তু এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজৌরি (Rajouri) সেক্টরের দুঙ্গালা নাবলা এলাকায় ড্রোনগুলির উপস্থিতি লক্ষ্য করা যায়। LoC সংলগ্ন এলাকায় ড্রোনগুলিকে দেখা মাত্রই সক্রিয় হয় ভারতীয় সেনা। জওয়ানরা আকাশেই ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি চালান এবং সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয়।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন আর কেবল নজরদারির যন্ত্র নয়। গত কয়েক বছরে ড্রোন ব্যবহার করে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কম খরচে ও প্রাণহানির ঝুঁকি ছাড়াই সীমান্ত পেরিয়ে অন্তর্ঘাত চালানোর জন্য পাকিস্তান ড্রোনকে হাতিয়ার করছে। সেনাপ্রধানের বার্তার ঠিক পরেই এই ড্রোন হানা কি নিছকই নজরদারি, নাকি বড় কোনও নাশকতার ছক—তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সেনা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ড্রোনগুলি ঠিক কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল এবং সেগুলির সঙ্গে কোনও নিষিদ্ধ সামগ্রী ছিল কি না, তা খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। রাজৌরি সেক্টরে নিরাপত্তা ব্যবস্থা আরও কয়েক গুণ বাড়ানো হয়েছে। সীমান্তে যে কোনও ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখা গেলেই জিরো টলারেন্স নীতি নিয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

