চ্যাংরাবান্ধা: ভারত-বাংলাদেশ বাণিজ্যের (India Bangladesh Trade) গতিপ্রকৃতি খতিয়ে দেখতে শনিবার চ্যাংরাবান্ধা ও বুড়িমারী আন্তর্জাতিক স্থলবন্দর (Changrabandha Land Port) পরিদর্শন করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এদিন আন্তর্জাতিক সীমান্ত গেটে বিএসএফ, বিজিবি, কাস্টমস এবং ইমিগ্রেশন আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি।
সহকারী হাইকমিশনারের এই পরিদর্শনে দুই দেশের ব্যবসায়ীরাই তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার কানু জানান, বেশ কিছু পণ্যের আমদানি-রপ্তানি বর্তমানে বন্ধ রয়েছে, যা পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, সি এন্ড এফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক তাপস দাশগুপ্তর কথায়, সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং বাংলাদেশি ব্যাঙ্কের সঙ্গে লেনদেন সংক্রান্ত সমস্যার কথা হাইকমিশনারকে জানানো হয়েছে। পাশাপাশি, দীর্ঘকাল বন্ধ থাকা রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও দুই দেশের ব্যবসায়ীরা সরব হন।


সমস্ত দাবি শোনার পর সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যবসায়িক স্তরে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও তা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব। সরকারি স্তরে যা যা করা প্রয়োজন, আমরা অবশ্যই সেই চেষ্টা করব।” ব্যবসায়ীদের সমস্ত দাবি ইমেল মারফত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সহকারী হাইকমিশনারের এই আশ্বাসে সীমান্তে বাণিজ্যের প্রসারে নতুন করে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।

