উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ও গুজরাট এটিএসের (Anti-Terrorist Squad) যৌথ অভিযানে মিলল বড় সাফল্য। অভিযানে নেমে গুজরাট উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা বরাবর এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩০০ কেজি মাদক (Narcotics Seized)। যার আনুমানিক মূল্য ১৮০০ কোটি টাকা।
সূত্রের খবর, মাদক চোরাচালানের চেষ্টা চলছে বলে গোপন সূত্র মারফত খবর আসে গুজরাট এটিএসের কাছে। এরপরই উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে শুরু হয় যৌথ অভিযান। গত ১২ ও ১৩ এপ্রিল রাতে এই অভিযান চালানো হয়। কিন্তু উপকূলরক্ষী বাহিনীর জাহাজ দেখতে পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করেন। সঙ্গে থাকা মাদকের প্যাকেটগুলি সমুদ্রে ফেলে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পালিয়ে যান পাচারকারীরা। এরপর উপকূলরক্ষী বাহিনী মাদকের প্যাকেটগুলি উদ্ধার করে গুজরাট এটিএসের কাছে হস্তান্তর করে। বাজেয়াপ্ত মাদকগুলি মেথামফেটামিন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই বড় সাফল্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মাদকমুক্ত ভারত গড়তে সমুদ্রে এই অভিযান মোদি সরকারের সমগ্র সরকারের পদ্ধতির সাফল্যের একটি উজ্জ্বল উদাহরণ।’ এই সাফল্যের জন্য গুজরাট পুলিশের এটিএস এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।


প্রসঙ্গত, এর আগেও জানুয়ারিতে অভিযান চালিয়ে ১০৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল গুজরাট এটিএস। গত কয়েক বছরে ১৩টি সফল অভিযানে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এরই মধ্যে ফের বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ মাদক।

