উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন মুলুকে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ২৪ বছর বয়সী এক ভারতীয় মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার নাম সিমরান সিমরান। ২০ জুন তিনি ভারত থেকে নিউ জার্সিতে এসেছিলেন। সারভেইলেন্স ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লিন্ডেনওল্ড পুলিশ জানিয়েছে যে, ফুটেজে শেষ সিমরনকে দেখা গিয়েছিল তাঁর ফোন ব্যবহার করতে। দেখে মনে হচ্ছিল সে কারও অপেক্ষা করছে। তবে তাঁকে চিন্তিত বলে একেবারেই মনে হচ্ছিল না।
প্রসঙ্গত, সিমরান আমেরিকায় পৌছানোর পাঁচদিন পর গত বুধবার নিখোঁজ হয়ে যান। প্রাথমিক পুলিশি তদন্তের পর অনুমান করা হচ্ছে যে, সিমরান অ্যারেঞ্জ ম্যারেজ করতে আমেরিকায় এসেছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে যে, আমেরিকায় সিমরানের পরিচিত কোনও পরিজন থাকেন না। সিমরান ইংরেজিতে কথাও বলতে পারেন না। তাঁর একমাত্র ফোনটি একটি আন্তর্জাতিক ডিভাইস যা শুধুমাত্র ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে। কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ভারতে তাঁর পরিবারের কোনও সদস্যের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি। এই প্রসঙ্গে লিন্ডেনওল্ড পুলিশের বক্তব্য, ‘এই মুহূর্তে ভারতের তাঁর পরিবারের কোনও সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি যাতে তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে কোনও তথ্য সংগ্রহ করা যায়।’


পুলিশি বিবরণ অনুযায়ী, সিমরানের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৬৮ কেজি, তাঁর কপালের বাঁদিকে একটি ছোট কাটা দাগ রয়েছে। শেষ তাঁকে দেখা গিয়েছিল একটি খয়েরি সোয়েটপ্যান্ট, একটি সাদা টিশার্ট, কালো ফ্লিপ-ফ্লপ এবং ছোট হীরের কানের দুল পরিহিত অবস্থায়। কারও কাছে যদি তাঁর কোনওরকম খোঁজখবর থাকে তবে তাঁকে লিন্ডেনওল্ড পুলিশ ডিটেকটিভ জো টোমাসেট্টি-র সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

