উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্ট ম্যাচের (Test Match) সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। চারমাস পরে দলে ফিরলেন দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।
চার মাস আগে ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও রিহ্যাবে কাটাতে হয় তাঁকে। চোটের কারণে মাঝে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দল হল শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক/উইকেটকিপার), যশস্বী জৈয়সওয়াল, কে.এল.রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরা, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
বুধবারের দল ঘোষণায় ভারতীয় দলে ফের একবার ব্রাত্য থাকলেন মহম্মদ শামি। চলতি রণজি মরসুমে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও তাঁকে উপেক্ষা করা হয়েছে।
১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে। এরপর ভারত–দক্ষিণ আফ্রিকার মধ্যে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ ম্যাচ হবে।

