উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক (I-PAC) দপ্তরে ইডির তল্লাশি এবং সেখান থেকে নথি সরানো সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Shuvendu Adhikari)। মঙ্গলবার ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য সময় চাইলে, সেই সূত্র ধরেই মুখ্যমন্ত্রীকে তীব্র বিঁধেছেন তিনি।
বিরোধী দলনেতার দাবি, আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজের জালেই নিজে জড়িয়ে গিয়েছেন। শুভেন্দুর অভিযোগ, ৮ জানুয়ারি আইপ্যাক দফতরে অভিযানের দিন মুখ্যমন্ত্রী যুদ্ধজয়ের ভঙ্গিতে বলেছিলেন, “আমি সব নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি।” কিন্তু এখন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তিনি দাবি করছেন যে, ইডি অফিসারের অনুমতি নিয়ে নথি নিয়েছেন। শুভেন্দুর কটাক্ষ, “বাচ্চা ছেলেও বুঝবে কোথায় মিথ্যে। সেদিনের ভিডিও ফুটেজেই প্রমাণ আছে যে তিনি ফাইল, মোবাইল ও ল্যাপটপ একপ্রকার ‘চুরি’ করেছেন।”
শুভেন্দু অধিকারীর দাবি, জেলে যাওয়ার ভয়েই মুখ্যমন্ত্রী এখন চাপে পড়ে হলফনামায় বয়ান বদল করছেন। তাঁর মতে, সেদিনের ভিডিও ফুটেজ এবং বর্তমান হলফনামার বক্তব্যের মধ্যে আকাশ-পাতাল ফারাক। এটি আসলে মুখ্যমন্ত্রীর ‘সেলফ ডিক্লেয়ারেশন’ বা নিজের অপরাধ স্বীকারেরই নামান্তর।
পাশাপাশি ভোটার তালিকা যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অসহযোগিতার অভিযোগ উড়িয়ে শুভেন্দু বলেন, কমিশন কোনো রাজনৈতিক দলের চিঠির উত্তর দিতে বাধ্য নয়। তৃণমূল ভয় পেয়েছে বলেই এই প্রক্রিয়া নিয়ে মিথ্যের আশ্রয় নিচ্ছে।
কয়লা পাচার মামলার সূত্রে গত ৮ জানুয়ারি আইপ্যাক দফতরে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিতি এবং নথি সংক্রান্ত এই মামলাটি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন। আগামী দিনে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

