নয়াদিল্লি: অষ্টাদশ আইপিএলের বাজনা বেজে গেল। প্রত্যাশিতভাবেই আজ সন্ধ্যার দিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ঘোষণা হয়ে গেল আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু প্রতিযোগিতা। ফাইনালও কলকাতায় ২৫ মে।
২০১৫ সালের পর ফের কলকাতায় আইপিএল উদ্বোধন ও ফাইনাল হতে চলেছে। সঙ্গে প্রথম ম্যাচেই থাকছে টানটান উত্তেজনা। কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে ২০০৮ সালে প্রথম আইপিএল শুরু হয়েছিল। যদিও সেই ম্যাচ হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সময়ের সঙ্গে মাঠ বদলে এবার সেই কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে আইপিএল শুরু হচ্ছে কলকাতায়। প্রতিযোগিতার প্রথম কোয়ালিফায়ার (২০ মে) ও এলিমিনেটর (২১ মে) খেলা হবে হায়দরাবাদে। আর কলকাতার ইডেনে ২৫ মে-র ফাইনাল ছাড়াও হবে কোয়ালিফায়ার টু-র ম্যাচও (২৩ মে)। উল্লেখ্য, দশ দলের প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট দশটি শহরের পাশে এবার থাকছে আরও তিনটি শহর। সেকেন্ড হোম হিসেবে দিল্লি ক্যাপিটালস তাদের কয়েকটি ম্যাচ খেলবে বিশাখাপত্তনমে। রাজস্থান রয়্যালস তাদের দুইটি ম্যাচ খেলবে গুয়াহাটিতে। আর পাঞ্জাব কিংস খেলবে ধরমশালায়।


গতবারের খেতাব জয়ী কেকেআর আসন্ন আইপিএল মরশুমের জন্য এখনও তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। কিন্তু তার আগেই শাহরুখ খানের দলের খেতাব ধরে রাখার সম্ভাবনা নিয়ে বিশাল প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছে। ঘরের মাঠ ইডেনে আরসিবি-র বিরুদ্ধে ২২ মার্চ প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলেই কেকেআর চলে যাবে গুয়াহাটি। যেখানে ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের (রাজস্থানের সেকেন্ড হোম গুয়াহাটি) বিরুদ্ধে খেলবেন আজিঙ্কা রাহানেরা। ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মর্যাদার লড়াই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৩ এপ্রিল ঘরের মাঠ ইডেনে দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেআর, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ৬ এপ্রিল ইডেনে নাইটদের প্রতিপক্ষ লখনউ। ১১ এপ্রিল চিপকে ধোনিদের বিরুদ্ধে খেলবে নাইটরা। ১৫ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুল্লানপুরে খেলবে নাইটরা। লিগ পর্বে নাইটদের শেষ ম্যাচ ১৭ মে বেঙ্গালুরুতে। সন্ধ্যার দিকে সূচি ঘোষণার পর উত্তরবঙ্গ সংবাদের তরফে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘আইপিএলের সূচি বরাবরই চ্যালেঞ্জিং হয়। এবারও তাই। শেষবারের চ্যাম্পিয়ন দল হিসেবে এবার আমরা ঘরের মাঠে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। জানি প্রত্যাশার চাপ থাকবে। কিন্তু তারপরও বলব, ভালো শুরুর লক্ষ্য নিয়েই সামনে তাকাতে চাই আমরা।’
শুধু কেকেআর নয়, সব দলই তাদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে। ২২ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মে, লিগের শেষ ম্যাচ পর্যন্ত টানটান উত্তেজনাও থাকবে। আর তার মধ্যেই করব, লড়ব, জিতব, রে-র রিংটোন কত তীব্রভাবে বাজবে, সেদিকে নজর থাকবে নাইট সমর্থকদের।

