উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানে কয়েক মাস আগেই খুন হয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়ে। তারপরই তাঁর জায়গায় নতুন হামাস প্রধান (Hamas chief) করা হয়েছিল ইয়াহিয়া সিনওয়ারকে (Yahya Sinwar)। এবার শোনা যাচ্ছে, ইজরায়েলি বিমান হানায় (Israeli strike) নাকি মৃত্যু হয়েছে সিনওয়ারেরও। ইজরায়েলের একাধিক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইজরায়েলের প্রশাসন।
সূত্রের খবর, গত শনিবার দক্ষিণ গাজার একটি স্কুলে বোমাবর্ষণ করে ইজরায়েলের সেনাবাহিনী। ঘটনায় নারী ও শিশু সহ ২২ জনের মৃত্যু হয়। ওই স্কুলেই হামাসের কমান্ড সেন্টার ছিল বলে অভিযোগ করেছিল ইজরায়েল। এই হামলার পর থেকেই খোঁজ মিলছে না সিনওয়ারের। ফলে তাঁর মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এই কথা ঠিক কি না তার এখনও কোনও প্রমাণ মেলেনি। এদিকে, ইজরায়েলের গোয়েন্দা সংস্থারও দাবি উপযুক্ত তথ্যপ্রমাণ না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব নয়। হামাসের তরফেও এনিয়ে কিছু জানানো হয়নি। ফলে সিনওয়ার সত্যিই আর জীবিত নেই নাকি কোথাও লুকিয়ে রয়েছেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবরে ইজরায়েলের হামলার অন্যতম মূলচক্রী হলেন সিনওয়ার। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় আত্মগোপন করে ছিল সিনওয়ার। এর আগে দীর্ঘ ২৩ বছর ইজরায়েলের একটি জেলে বন্দি ছিলেন তিনি। হানিয়ে মৃত্যুর পর আগস্টের শুরুতে সিনওয়ারকে নতুন প্রধান হিসাবে বেছে নেয় হামাস।

