উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের দক্ষিণ গাজার রাফায় (Rafah) শরণার্থী শিবিরে হামলা চালাল ইজরায়েল। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন। গাজার প্রশাসনের দাবি, মঙ্গলবার পশ্চিম রাফার আল-মাওয়াসি (Al-Mawasi) এলাকার শরনার্থী শিবিরে বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা। তবে ঘটনার দায় অস্বীকার করেছে ইজরায়েল (Israel Defence Forces)। বিবৃতি দিয়ে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিগত কয়েক ঘণ্টার রিপোর্ট অনুযায়ী আল-মাওয়াসি এলাকায় কোনও হামলা করা হয়নি।
উল্লেখ্য, গত রবিবারই রাফার একটি শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় নিহত হয়েছিলেন শিশু সহ অন্তত ৪৫ জন প্যালেস্তিনীয় নাগরিক। যদিও হামলার কথা স্বীকার করে সেটিকে ‘দুঃখজনক ভুল’ বলে দাবি করেছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতনিয়াহু। সেই ঘটনার প্রতিবাদে বর্তমানে সরব গোটা বিশ্ব। এদিকে গত এপ্রিল মাসেই রাফায় ঢুকে পড়েছিল ইজরায়েলের ট্যাংকবাহিনী। এবার মধ্য রাফার আল-আওদা শহরে ঢুকে ঘাঁটি গেড়েছে তাঁরা।
অন্যদিকে রাফায় ক্রমাগত ইজরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের এক উপদেষ্টা বলেন, ‘ইজরায়েলি সেনা যেভাবে রাফায় অভিযান চালাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। যুদ্ধে এইভাবে প্রাণহানি কোনওভাবেই কাম্য নয়।’

