উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইসরোর শততম মিশনে প্রযুক্তিগত ত্রুটি! উৎক্ষেপণের চার দিনের মাথায় বাধার মুখে পড়ল ইসরোর কৃত্রিম উপগ্রহ এনভিএস-২। সফল ভাবে উৎক্ষেপণ হলেও ত্রুটি ধরা পড়ে কক্ষপথে। জানা গিয়েছে, রবিবার মহাকাশে পা রাখা ইসরোর কৃত্রিম উপগ্রহটি কক্ষপথ পরিবর্তন করতে পারছে না।
বুধবার ভোট ৬টা ২৩ মিনিট নাগাদ এনভিএস-২ এর সফলভাবে উৎক্ষেপণ সফল হয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। এটি ছিল ইসরোর শততম উৎক্ষেপণ। জিএসএলভি ১৫ রকেটটি ওই কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দিয়ে মাত্র ২৯ মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। কিন্তু চার দিনের মাথায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এই কৃত্রিম উপগ্রহে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রাস্টারের জন্য যে ভালভগুলো খুলে অক্সিডাইজার প্রবাহিত হওয়ার কথা ছিল, তা খুলতে পারেনি কৃত্রিম উপগ্রহটি। যার ফলে নির্দিষ্ট কক্ষপথে ঠিক মতো স্থাপনই করা সম্ভব হয়নি। এর ফলে এনভিএস-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ঠিক কতোটা সময় লাগবে, তা এখনই বলতে পারছে না ইসরোর বিজ্ঞানীরা। এক্ষেত্রে ইসরো বিকল্প পদ্ধতিকে কাজা লাগানোর চেষ্টা করছে। যদি সেটাও সম্ভব না হয়, সেক্ষেত্রে এই মিশনটি বাতিল করতে পারে ইসরো।


বর্তমানে এনভিএস-২র পাওয়ার সিস্টেমও স্বাভাবিক রয়েছে। উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলেও এটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।

