উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভের (Sector V) ব্যস্ত রাস্তায় প্রাণ হারালেন এক তরুণী আইটি কর্মী (Road Accident)। মঙ্গলবার সকালে আরএস সফটওয়্যার মোড়ে একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় কিরণ মিশ্রা নামের ওই তরুণীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণ বর্ধমানের বাসিন্দা ছিলেন এবং কর্মসূত্রে কেষ্টপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এই ঘটনায় সল্টলেকের ট্রাফিক ব্যবস্থা এবং বাসের বেপরোয়া গতি নিয়ে ফের ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, প্রতিদিন কিরণ তাঁর প্রেমিকের সঙ্গে বাইকে করে অফিসে আসতেন। তাঁদের দুজনের অফিসও পাশাপাশি ছিল। তবে এদিন সকালে কিরণের প্রেমিকের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায়, তিনি একা অ্যাপ-ক্যাব বাইক বুক করে অফিসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ঠিক আগেই আরএস সফটওয়্যার মোড়ে পিছন থেকে আসা একটি করুণাময়ী-ঘাটাল রুটের সরকারি বাস বাইকটিকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার চোটে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান কিরণ। স্থানীয়রা ও পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhan Nagar Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসায় জানা গিয়েছে, তাঁর শরীরে গভীর অভ্যন্তরীণ চোট ছিল। ঘাতক বাস এবং তার চালককে ইতিমধ্য়েই আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ (Police)।
এই দুর্ঘটনার পর সল্টলেকের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় অফিস কর্মীদের অভিযোগ, ব্যস্ত সময়ে সল্টলেকের রাস্তায় সরকারি ও বেসরকারি বাসগুলি অত্যন্ত দ্রুত গতিতে চলে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটলেও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে গতি নিয়ন্ত্রণে কোনও স্থায়ী পদক্ষেপ করা হয়নি। একজন প্রতিশ্রুতিবান তরুণীর এমন অকাল মৃত্যুতে সেক্টর ফাইভ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

