রণবীর দেব অধিকারী, ইটাহার: প্রাক্তন তৃণমূল বিধায়ক অমল আচার্য দলে যোগ দেওয়ায় উজ্জীবিত কংগ্রেস জোর দিচ্ছে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে। ’২৬-এর নির্বাচনকে নজরে রেখে কংগ্রেস (Congress) ইটাহারে (Itahar) নতুন পরিকল্পনা নিয়েছে। ইটাহার বিধানসভা কেন্দ্রের ২৩৮টি বুথের মধ্যে এই মুহূর্তে ১০০টির কিছু বেশি বুথে কমিটি রয়েছে কংগ্রেসের। অমল অনুগামীদের সঙ্গে নিয়ে আগামী কিছুদিনের মধ্যে বাকি সমস্ত বুথে কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের তরফে।
অমল বলছেন, ‘ইটাহার বরাবরই কংগ্রেসের মাটি। মাঝে এই মাটিতে আমারই হাত ধরে ঘাসফুল ফোটায় এখানে কংগ্রেস দুর্বল হয়ে পড়েছিল। এখন আমি ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুস সামাদ সহ ৭ জন পুরোনো দল কংগ্রেসে ফিরে এসেছি। এবার ফের ইটাহারে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে তুলব।’
রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত ইটাহারে রাজ ছিল কংগ্রেস, সিপিএম সহ অন্য বাম দলগুলির। ডাঃ জয়নাল আবেদিনের পর ইটাহারে কংগ্রেসের হাল ধরেছিলেন অমল আচার্য ও নাজমুল হোসেন।
নাজমুল দীর্ঘদিন ব্লক কংগ্রেস সভাপতির পদ সামলে দলকে শক্ত হাতে ধরে রেখেছিলেন। কিন্তু ইটাহারের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে দুই দশক আগে থেকে। ২০১১-তে অমল সপার্ষদ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে ইটাহারে ক্রমশ দুর্বলতর হয়ে পড়ে কংগ্রেস। পরে তৃণমূলে যোগ দেন নাজমুলও।
ইটাহারে কংগ্রেস কার্যত অভিভাবকহীন হয়ে পড়ায় দলের অবস্থা আরও সঙ্গিন হয়ে ওঠে। নাজমুল প্রয়াত হয়েছেন। তবে সপ্তাহদুয়েক আগে প্রাক্তন বিধায়ক অমল ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুস সহ তাঁদের অনুগামীরা কংগ্রেসে ফিরে আসায় ফের প্রতিটি বুথে সংগঠনকে শক্তিশালী করতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যেই যার কাজ শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনে অমলকেই ইটাহারে প্রার্থী করা হবে। এমন সম্ভাবনায় বুথ কমিটি গঠনের ক্ষেত্রে বাড়তি নজর রয়েছে অমলের।
নতুন বুথ কমিটি গঠনের ক্ষেত্রে নতুন ও পুরোনো কর্মীদের সমান গুরুত্ব দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমেই কাজ করা হবে বলে জানান কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হক।
কামরুল বলেন, ‘অমলদা দলে যোগ দেওয়ায় আমাদের লোকবল বেড়েছে। অমলদা ও আব্দুস সামাদের সঙ্গে আলোচনা ও পরামর্শ সাপেক্ষে প্রত্যেকটি বুথে শক্তিশালী কমিটি গড়া হচ্ছে। পোড়খাওয়া নেতা হিসেবে অমলদার রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কংগ্রেস এবার ইটাহারে জমি পুনরুদ্ধার করবে। তবে কমিটিতে পুরোনো যাঁরা রয়েছেন, তাঁদের কাউকে বাদ দেওয়া হবে না। শুধু নতুন সদস্য সংযোজন হবে।’

