উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি এইমসে (Delhi AIIMS) ভর্তি করা হল দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে (Jagdeep Dhankhar)। হাসপাতাল সূত্রের খবর, গত সপ্তাহান্তে দু’বার জ্ঞান হারিয়েছিলেন ৭৪ বছর বয়সি ধনকর। সোমবার তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন।
সূত্রের খবর, গত ১০ জানুয়ারি অর্থাৎ শনিবার বাড়িতেই দু’বার সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন তিনি। শৌচালয়ে যাওয়ার সময় তাঁর এই ‘ব্ল্যাকআউট’ বা অচেতন হওয়ার ঘটনাটি ঘটে। এর আগেও কেরালা, উত্তরাখণ্ড এবং কচ্ছের রণ সহ বেশ কিছু প্রকাশ্য অনুষ্ঠানে তিনি একইভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার সঠিক কারণ জানতে চিকিৎসকরা তাঁর এমআরআই (MRI) করানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বর্তমানে তাঁর পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়েই হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকর। তাঁর সেই আকস্মিক পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। তারপর থেকে তাঁকে খুব একটা জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি বারবার অচৈতন্য হয়ে পড়ার ঘটনাটি চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে।
যদিও প্রাক্তন উপরাষ্ট্রপতির বর্তমান অবস্থা নিয়ে তাঁর পরিবার বা হাসপাতালের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলে উদ্বেগের ছায়া নেমেছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হিসেবে কাজ করার সুবাদে রাজ্যের মানুষের কাছেও তিনি অত্যন্ত পরিচিত মুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন অনুগামীরা।

