উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে সুস্থ থাকতে বিশ্বজুড়ে চলছে ‘নো সুগার ক্যাম্পেন’। ভোজনরসিক বাঙালিও এখন মিষ্টির মায়া কাটিয়ে চিনির স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন (Sugar Substitute)। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে গুড় ও খেজুর। কিন্তু প্রশ্ন হল, ওজন কমাতে এবং সুস্থ থাকতে কোনটি বেশি কার্যকর?
গুড় না খেজুর: কোনটি কেন খাবেন?
গুড়: যাদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক, তাঁদের জন্য খাবারের পর এক টুকরো গুড় মহৌষধ। এটি হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাঁরা রান্নায় চিনির বদলে গুড় ব্যবহার করলে উপকার পাবেন। তবে ডায়াবিটিস থাকলে অবশ্যই পরিমাপ বুঝে খেতে হবে।
খেজুর: ডায়েটে খেজুর রাখা মানেই শক্তির ভাণ্ডার। এতে থাকা ভিটামিন B6, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে ভাজাভুজি খাওয়ার ইচ্ছা কমে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে ভেতর থেকে সতেজ রাখে।
ওজন কমাতে খাওয়ার সঠিক নিয়ম
ওজন ঝরাতে কেবল বিকল্প খুঁজলেই হবে না, খাওয়ার নিয়মও জানতে হবে:
গুড়ের টোটকা: আধ চামচ জোয়ানের সাথে গুড় খেলে মেদ দ্রুত ঝরে। এছাড়া লিভার পরিষ্কার রাখতে এবং মেদ কমাতে ঈষদুষ্ণ জলে আদার রস ও সামান্য গুড় মিশিয়ে পান করা অত্যন্ত ফলদায়ক।
খেজুরের ম্যাজিক: সকালে খালি পেটে ১-২টি ভেজানো খেজুর হজম প্রক্রিয়া উন্নত করে। বিকেলের স্ন্যাকসে বিস্কুটের বদলে বাদাম ও খেজুরের বল বানিয়ে খেতে পারেন। এছাড়া দুধ, ওটস বা স্মুদিতে চিনির বদলে খেজুর বাটা মিশিয়ে নিলে মিলবে দীর্ঘস্থায়ী শক্তি।
প্রাকৃতিক মিষ্টত্বে ভরপুর এই দুটি উপাদানই চিনির চেয়ে শতগুণ ভালো। তবে দ্রুত ওজন কমাতে চাইলে খেজুরের ফাইবার বেশি কার্যকরী, আর হজমের সমস্যা মেটাতে গুড় অনন্য। আপনার শরীরের প্রয়োজন বুঝে আজই বেছে নিন সঠিক বিকল্পটি।

