উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন কীর্তি গড়লেন ইয়ানিক সিনার। গত সপ্তাহেই উইম্বলডন জিতেছিলেন তিনি। আর এই জয়ের সঙ্গেই তিনি ঢুকে পড়েছেন টেনিসের এলিট ক্লাবে। ১২ হাজার এটিপি পয়েন্ট হয়ে গিয়েছে তাঁর। ১৯৯০ সালের পর থেকে এখনও পর্যন্ত এই মাইলফলক ছুঁয়েছেন কেবল টেনিসের ‘বিগ ফোর’ রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে। এবার সিনারও ঢুকে পড়লেন সেই তালিকায়।
উল্লেখ্য, ডোপিংয়ের কারণে তিন মাস নির্বাসিত ছিলেন সিনার। কিন্তু তারপরেও ১২ হাজার এটিপি পয়েন্ট সংগ্রহ করতে খুব একটা অসুবিধা হয়নি তাঁর। টানা ৫৮ সপ্তাহ ধরে এক নম্বর স্থানটি ধরে রেখেছেন তিনি। গত মাসে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন সিনার। সে যাত্রায় কার্লোস আলকারাজের কাছে হেরে যান তিনি। কিন্তু উইম্বলডন জিতে সেই ক্ষতে প্রলেপ লাগিয়েছেন। ১৯৯৫ সালের পর থেকে পঞ্চম খেলোয়াড় হিসাবে প্রতিটি গ্র্যান্ডস্লামে ওঠার নজির গড়েছেন সিনার। গত বছর তাঁর ঝুলিতে গিয়েছিল ৮ টি এটিপি খেতাব। এ বছরের শুরুতেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি।



