উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানের ব্যস্ত জীবনে জিম বা ভারী ব্যায়াম করার সময় অনেকেরই থাকে না। বিশেষ করে বয়স্ক বা বাতের ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁদের জন্য হাঁটাই হলো শ্রেষ্ঠ ব্যায়াম। তবে কেবল সাধারণ ভাবে হাঁটা নয়, জাপানিদের আবিষ্কৃত বিশেষ কিছু কৌশলে হাঁটলে ওজন কমা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং অকালবার্ধক্য রোধে অভাবনীয় ফল পাওয়া যায়। জেনে নিন সেই কার্যকরী পদ্ধতিগুলি:
১. হাই-ইনটেনসিটি ইন্টারভাল ওয়াকিং
জাপানিদের অত্যন্ত পছন্দের এই পদ্ধতিতে হাঁটার গতি বারবার পরিবর্তন করা হয়। প্রথমে ৫-১০ মিনিট ধীর গতিতে ‘ওয়ার্ম আপ’ করে নিতে হবে। এরপর পরবর্তী ৫-১০ মিনিট খুব দ্রুত গতিতে হাঁটতে হবে। সবশেষে আবার ধীর গতিতে ফিরে আসতে হবে। এই পদ্ধতি রক্ত সঞ্চালন বাড়ায় এবং হার্ট ভালো রাখে।


২. নাম্বা-আরুকি (Namba-Aruki)
এটি জাপানের প্রাচীন পদ্ধতি। সাধারণত হাঁটার সময় আমাদের ডান পায়ের সঙ্গে বাম হাত এগোয়। কিন্তু এই পদ্ধতিতে শরীরের একই দিকের হাত ও পা একই সঙ্গে এগোবে (ডান পা ও ডান হাত)। এতে শরীরের ওপর চাপ কম পড়ে, ক্লান্তি আসে না এবং জয়েন্টের ব্যথা কমে।
৩. মাইক্রো-ওয়াকিং
যাঁরা দীর্ঘক্ষণ একটানা হাঁটতে পারেন না, তাঁদের জন্য এটি আদর্শ। ২-৩ মিনিট হাঁটার পর ৩০ সেকেন্ডের বিরতি নিতে হবে। এভাবে দফায় দফায় হাঁটলে শরীরের ওপর ধকল পড়ে না, অথচ শরীরচর্চার পুরো সুফল পাওয়া যায়।
৪. ড্র-ইন মেথড (Draw-In Method)
ভুঁড়ি কমাতে এই পদ্ধতি অদ্বিতীয়। হাঁটার সময় পেটের পেশিকে ভিতরের দিকে টেনে ধরে রেখে ছোট ছোট কদমে এগোতে হবে। এতে পেটের মেদ দ্রুত ঝরে এবং হজমশক্তি বৃদ্ধি পায়।
প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট নিয়ম মেনে এই কৌশলগুলি অবলম্বন করলেই শরীর থাকবে সতেজ ও রোগমুক্ত।

