উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main 2026) সেশন-১ পরীক্ষার দিন পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরিবর্তিত সূচি অনুযায়ী, এ রাজ্যে আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে ২৯ জানুয়ারি। উল্লেখ্য, এই সূচি পরিবর্তন শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্যই কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।
আগের সূচি অনুযায়ী পরীক্ষার দিন ধার্য হয়েছিল ২৩ জানুয়ারি। কিন্তু ওইদিন রাজ্যে একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো। উৎসব ও মহাপুরুষের জন্মজয়ন্তী উপলক্ষে রাস্তাঘাটে যানজট ও যাতায়াতের সমস্যার আশঙ্কায় পরীক্ষার্থীরা উদ্বেগে ছিলেন। পরীক্ষার্থীদের এই সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উচ্চশিক্ষা দপ্তরের কাছে লিখিত আবেদন জানান।
চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছিলেন, ‘২৩ জানুয়ারি রাজ্যে সরস্বতী পুজো এবং নেতাজি জয়ন্তী পালিত হবে। ফলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীরা সমস্যার মুখে পড়তে পারেন। পরীক্ষার্থীদের স্বার্থে এবং পরীক্ষা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ওই দিনের পরীক্ষা রিশিডিউল করার অনুরোধ রইল।’ তাঁর এই আবেদনের প্রেক্ষিতেই NTA দ্রুত পদক্ষেপ করে নতুন নির্দেশিকা জারি করে।
ইতিমধ্যেই NTA-র নিজস্ব ওয়েবসাইটে এই পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে। ২৯ জানুয়ারি পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা প্রস্তুতি ও যাতায়াতের জন্য অতিরিক্ত সময় পাবেন বলে মনে করা হচ্ছে।

