পূর্ণেন্দু সরকার ও অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে আগামী পাঁচ বছরের জন্য স্বশাসিত কলেজের মর্যাদা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) (UGC)। এই মর্মে বৃহস্পতিবার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনলজি কর্তৃপক্ষকে চিঠি দেয় ইউজিসি। শুক্রবার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনলজি ওই স্বশাসিত মর্যাদাপত্র সংশ্লিষ্ট কলেজের হাতে তুলে দেয়। স্বশাসিত কলেজের মর্যাদার স্বীকৃতি পেতেই এদিন অধ্যাপক ও পড়ুয়াদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (JGEC)।
স্বশাসিত কলেজের মর্যাদা পাওয়ায় জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নিজস্ব ধাঁচে পঠনপাঠন, কলেজ পরিচালনা, নিজস্ব অর্থনৈতিক ক্ষমতা প্রণয়ন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ও নিজস্ব সিলেবাস তৈরি করতে পারবে। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় জানিয়েছেন, স্বশাসিত ক্ষমতাবলে এই সমস্ত সুযোগ-সুবিধা থাকলেও আপাতত নিয়োগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, ‘নিজস্ব পিএইচডি প্রোগ্রাম থেকে শুরু করে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স চালু করতে পারব। এআইসিটিসি এবং ইউজিসি’র নির্দেশিকা মেনে নিজেরা সিলেবাস তৈরি করতে পারব। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ যেমন অধ্যাপক, গবেষক, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, আইনি পরামর্শদাতা ও শিল্পপতিদের আনতে পারব। ফলে কলেজের পড়াশোনার মানোন্নয়ন হবে।’


ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স টেকনলজি, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনলজি বিভাগ মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় ১৬০০ জন পড়ুয়া। স্বশাসিত মর্যাদা পেতে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক)-এর স্বীকৃতি প্রয়োজন হয়। কলেজের সুষ্ঠু পরিকাঠামো, উন্নত পঠনপাঠন, ভালো রেজাল্ট, চাকরির প্লেসমেন্ট এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশকে যাচাই করে ন্যাক সংশ্লিষ্ট কলেজকে শংসাপত্র দেয়। ওই শংসাপত্র থাকলে তবেই ইউজিসি’র কাছে স্বশাসনের জন্য আবেদন করা যায়।
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১২-’১৩ অর্থবর্ষ থেকে প্রতি পাঁচ বছরের জন্য ইউজিসি’র তরফে স্বশাসিত মর্যাদা পেয়ে আসছে। কিন্তু চলতি ২০২৫-’২৬ অর্থবর্ষে সেই ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়। তাছাড়া ন্যােকর অনুমোদনের সময়সীমাও শেষ হয় ফেব্রুয়ারিতে।
এরপর ন্যাক তাদের অনুমোদনের মেয়াদ আগামী তিন মাস অর্থাৎ মে মাস পর্যন্ত জন্য সম্প্রসারিত করে। তাই দ্রুত ইউজিসি-কে স্বশাসনের জন্য আবেদন করা হয়। এবার ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বশাসনের মর্যাদা দিল ইউজিসি। রাজ্য সরকারকেও বিষয়টি জানিয়ে দিয়েছে ইউজিসি। ফলে কলেজজুড়ে খুশির হাওয়া।

