রাঁচি: রেললাইনে ঠায় দাঁড়িয়ে ট্রেন। কয়েক হাত দূরে ট্র্যাকের ওপর আছাড়িপিছাড়ি খেতে খেতে এক মা জন্ম দিল ফুটফুটে হস্তীশিশুর। ঝাড়খণ্ডে (Jharkhand) এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার সাক্ষী রইলেন যাত্রী ও রেলকর্মীরা।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ঝাড়া দু’ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে রাখলেন রেল কর্তৃপক্ষ, যতক্ষণ না মা হাতি ও নবজাতক নিরাপদে বনের পথে মিলিয়ে যায়। অবিস্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে এবং তা ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব লিখেছেন, ‘মানব-বন্যপ্রাণ সংঘাতের খবরের বাইরে এই ধরনের ঘটনা ভাগ করে নিতে পেরে ভালো লাগছে। এটি মানুষ-প্রকৃতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।’


মন্ত্রী আরও জানান, পরিবেশ মন্ত্রক ও রেল মন্ত্রকের যৌথ উদ্যোগে দেশের ৩,৫০০ কিলোমিটার রেলপথ সমীক্ষা করে ১১০টিরও বেশি বন্যপ্রাণ সংবেদনশীল এলাকা চিহ্নিত করা হয়েছে। লক্ষ্য, বন্যপ্রাণী করিডরে দুর্ঘটনা এড়ানো।

