উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের (Junior doctors protest) সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ফের চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তবে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের কথা নাকচ করে দেওয়া হয়েছে। বদলে স্বচ্ছতার স্বার্থে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বিকেলে নবান্ন থেকে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু জুনিয়ার ডাক্তারদের তরফে বৈঠকে যেতে ৪ টি শর্ত রাখা হয়। যার মধ্যে ছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং, মুখ্যমন্ত্রীর উপস্থিতি, শুধুমাত্র ৫ দফা দাবি নিয়ে আলোচনা ও ৩০ জনের প্রতিনিধিদলের বৈঠকে উপস্থিতি। তবে রাজ্য আগে থেকে কোনও শর্ত রাখার বিরোধিতা করায় সেই বৈঠক হয়নি। এদিন শর্ত সেভাবে না মানলেও কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে রাজ্য। এখন দেখার জুনিয়ার ডাক্তাররা সেই আবেদনে সাড়া দেন কিনা?।


আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের মূলত পাঁচটি দাবি রয়েছে, যা নিয়ে তাঁরা আলোচনা চাইছেন। প্রথমত, আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। দ্বিতীয়ত, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা জড়িত তাদের খুঁজে বের করা। তৃতীয়ত, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। চতুর্থত, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পঞ্চমত, রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে গণতান্ত্রিক ও ভয়মুক্ত পরিবেশ সুনিশ্চিত করা। এই দাবি নিয়ে তাঁরা স্বাস্থ্যভবন অভিযানে নামেন। পরে চিকিৎসকরা রাস্তায় অবস্থানে বসেন। দুদিন কেটে গেলেও চিকিৎসকরা রাস্তাতেই বসে অবস্থান চালাচ্ছেন। তবে মুখ্যসচিবের আজকের চিঠিতে অচলাবস্থা কাটে কিনা সেটাই এখন দেখার। চিঠির বিষয়বস্তু নিয়ে জুনিয়ার ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন। এরপরই তাঁরা সিদ্ধান্ত জানাবেন বলে জানা গিয়েছে।

