উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Pant) ফের চিঠি দিলেন জুনিয়ার ডাক্তাররা (Junior doctors protest)। চিঠিতে উল্লেখ রয়েছে, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। সেই দাবি সমাধানের আশাতেই চিঠি লিখলেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে সদর্থক উত্তর পাওয়ার আশায় তাঁরা।
জুনিয়ার ডাক্তাররা জানিয়েছেন, গত সোমবারের বৈঠকে স্থির হয়েছিল রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। সেই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। কীভাবে তার গঠন হবে, কে কে থাকবে এখনও ঠিক হয়নি। এসব নিয়েও আলোচনা জরুরি। সেই কারণে এদিনই বৈঠক চেয়ে মুখ্য সচিবের কাছে ইমেল পাঠিয়েছেন তাঁরা।



প্রসঙ্গত, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে সুরক্ষা পরিকাঠামো বাড়াতে সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে তা মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme court) জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তা শেষ করতে হবে। তবে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে সরকার প্রাইভেট সিকিউরিটি নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়ে সমালোচনা করেছে শীর্ষ আদালত। ভলান্টিয়ারের পরিবর্তে নিরাপত্তা দায়িত্ব দিতে বলেছে পুলিশকে।

