উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হল এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ। আর এই দিনই পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর দেড়টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করবে রাজ্যের শাসক দল। মিছিলের নেতৃত্বে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তৃণমূল (TMC) সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দলীয় কর্মীরা মিছিলের জন্য ভিড় জমাতে শুরু করেছেন। দেড়টা নাগাদ মিছিল শুরু হয়ে রানি রাসমণি রোড ধরে কে সি দাস মোড় হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে পৌঁছনোর পর সভামঞ্চ থেকে SIR নিয়ে বিশেষ বার্তা দেবেন মমতা এবং অভিষেক। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘোষণা হতেই কার্যত ফুঁসে উঠেছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। দলীয় বিধায়ক, নেতা-কর্মীদের নিয়ে একপ্রস্থ বৈঠকও সেরেছেন অভিষেক।
অন্যদিকে, আজই উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Shuvendu Adhikari)। ফলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়া রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের মিছিল থেকে রাজ্যবাসীর জন্য SIR নিয়ে কী বার্তা উঠে আসে তা শোনার অপেক্ষায় গোটা বাংলা।

