উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবন থেকে বিজেপিকে বোমা বন্দুক সরবরাহ করা হয়। এমনই বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তবে কল্যাণের মন্তব্যের পালটা পদক্ষেপ করেছে রাজভবনও। ১০০ জনের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে রাজভবনের সিংহদুয়ার। জনপ্রতিনিধি থেকে সুশীল সমাজ, সাংবাদিক সকলের জন্য ’ওপেন ভিজিট’-এর সুযোগ করে দিয়েছেন সিভি আনন্দ বোস।
বিহারে ভোটের ফলপ্রকাশের পর এসআইআরকে কার্যকর ও সময়োপযোগী বলে ব্যাখ্যা করেন রাজ্যপাল। তিনি দাবি করেন, বিহারের মতো বাংলাতেও এই নতুন পদ্ধতি ভোটদাতারা সাদরে গ্রহণ করবেন। এর জবাব দিতে গিয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজভবনে বিজেপির অপরাধীরা আশ্রয় পাচ্ছে। তাদের হাতে বন্দুক-বোমা তুলে দেওয়া হচ্ছে। তৃণমূলকর্মীদের আক্রমণের বার্তা দেওয়া হচ্ছে। আগে এগুলো বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল, বিজেপির চাকরবাকর!’ এরপরই পদক্ষেপ করেন রাজ্যপাল। রাজভবনের দরজা খুলে দিয়ে ১০০ জনকে সেখানে প্রবেশাধিকার দেন। পাশাপাশি কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায় কিনা তা নিয়েও ভাবনাচিন্তা চলছে রাজভবনের তরফে। এমনকি লোকসভার স্পিকারের কাছেও তদন্তের অনুরোধ পাঠানো হবে বলে জানা গেছে। কল্যাণ মিথ্যে বলে থাকলে, প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে রাজভবন।

