উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের আবহে এবার ময়দানে নামলেন মাণ্ডির তারকা বিজেপি (BJP) সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের তোলা ‘রাজনৈতিক স্বার্থের’ অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ‘সবচেয়ে বড় নারীবাদী’ বলে তকমা দিলেন এই অভিনেত্রী-নেত্রী। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে কঙ্গনা স্পষ্ট জানান, দেশের নারীদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর মতো আধুনিকমনস্ক মানুষ আর কেউ নেই।
এদিন সংসদের অলিন্দে কঙ্গনার কণ্ঠে শোনা গেল বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র বিখ্যাত সংলাপ। কঙ্গনা বলেন, “সিনেমাটিতে বলা হয়েছিল— ‘যা সিমরন জি লে আপনি জিন্দেগি’। আমাদের সরকারও ঠিক সেভাবেই দেশের মেয়েদের বলছে, সব খাঁচা ভেঙে দেওয়া হয়েছে, এবার নিজেদের মতো বাঁচো।” কঙ্গনার দাবি, প্রধানমন্ত্রী নারীদের পোশাক বা হাই হিল পরাকে আধুনিকতা দিয়ে বিচার করেন এবং তিনি ‘জেন-জি’ প্রজন্মের প্রতিনিধিদের সমান কদর করেন।


মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের দীর্ঘসূত্রিতাকে তীব্র আক্রমণ করে কঙ্গনা সরাসরি নিশানা করেন সোনিয়া গান্ধিকে। তিনি প্রশ্ন তোলেন, “সোনিয়া গান্ধি জানতে চেয়েছেন এই বিল আনতে বিজেপি কেন এত তাড়াহুড়ো করছে। আমার প্রশ্ন, আমরা কি আপনাদের মতো হবো যাতে বিলটি আরও ৩০ বছর ঝুলে থাকে?” কঙ্গনার মতে, গত ৬০ বছরে যা হয়নি, মোদি সরকার তা ১০ বছরেই করে দেখিয়েছে— তা সে পাকা বাড়ি হোক বা সেনাবাহিনীতে নারীদের নিয়োগ।
২০২৩ সালে পাস হওয়া মহিলা সংরক্ষণ আইনে উল্লেখ ছিল যে, জনগণনার পর আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন হলে তবেই ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে। ২০১১ সালের পর জনগণনা না হওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে। বিরোধীদের অভিযোগ, এই আসন পুনর্বিন্যাসের ক্ষমতা নিজের হাতে রেখে মোদি সরকার আসলে রাজনৈতিক সমীকরণ বদলে লোকসভার আসন বাড়াতে চাইছে। বিরোধীদের এই আপত্তির মাঝেই কঙ্গনার এহেন হাইভোল্টেজ বক্তৃতা জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

