কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জনেরও বেশি মানুষ (Katihar Road Accident)। কাটিহারের জেলাশাসক আশুতোষ দ্বিবেদী এবং পুলিশ সুপার বৈভব শর্মা এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। হতাহতদের অধিকাংশই পূর্ণিয়া জেলার ধমদাহ ব্লকের বারহোয়া কোঠি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের দুমকা জেলার একটি মেলা দেখে আদিবাসী সম্প্রদায়ের একদল মানুষ পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। সেই সময় পূর্ণিয়া থেকে ভাগলপুরগামী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয় এবং একটি বাইকও এই দুর্ঘটনার কবলে পড়ে। বাইক চালকেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশ দুটি ঘাতক গাড়িকে বাজেয়াপ্ত করেছে এবং কোরা থানায় মামলা দায়ের করা হয়েছে।


এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। জেলাশাসক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া শুরু হয়েছে। পূর্ণিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সরকারি খরচে সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন রাধিকা হাসদা (১৩), পাপ্পু হাসদা (১৫), পিকআপ চালক চিন্তামণি মাহাতো (৩৫), তল্পু সোরেন (২৫), বেটিয়া মারান্ডি (২০), সদানন্দ মুর্মু (৪৫)-সহ আরও অনেকে। পূর্ণিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তল্লু সোরেন, দুর্গা বাসকি ও রঞ্জিতা হেমব্রম। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষিত সাহায্যের পাশাপাশি বিমা সংস্থার থেকেও হতাহতরা আর্থিক সহায়তা পাবেন বলে প্রশাসন জানিয়েছে।

