কিশনগঞ্জ: বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে কিশনগঞ্জ জেলা আদালত (Kishanganj)। বৃহস্পতিবার সকালে এমনই এক চাঞ্চল্যকর মেল ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল আদালত চত্বরে (Bomb threat)। তামিলনাডু থেকে পাঠানো ওই মেলে দাবি করা হয়, কিশনগঞ্জ জেলা আদালত সহ বিহারের পাটনা ও গয়া আদালত দুপুর আড়াইটে নাগাদ আরডিএক্স (RDX) বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই খবর জানাজানি হতেই আদালত চত্বরে হুলস্থুল পড়ে যায়।
হুমকিবার্তা পাওয়ার পরপরই আদালতের পক্ষ থেকে কিশনগঞ্জের পুলিশ সুপার সাগর কুমারকে বিষয়টি জানানো হয়। তড়িঘড়ি বিশাল পুলিশবাহিনী নিয়ে তিনি আদালত চত্বরে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে দ্রুত আদালত ভবন থেকে সমস্ত আইনজীবী, মক্কেল এবং সাধারণ মানুষকে বের করে দেওয়া হয়। বর্তমানে পুরো এলাকা পুলিশের অটুট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে বিশেষ বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। আদালতের প্রতিটি কোণ, এজলাস এবং সন্দেহভাজন ব্যাগ বা বস্তু তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সুপার সাগর কুমার এবং মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার যৌথভাবে এই তল্লাশি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
কিশনগঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী বাবলা ওরফে রাজীব রঞ্জন এপ্রসঙ্গে বলেন, ‘আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। শুধু কিশনগঞ্জ নয়, পাটনা ও গয়াতেও একই সঙ্গে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে ওই মেলে।’
এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বিহারের সমস্ত আদালত চত্বরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, মেলটি কে পাঠিয়েছে, তা খতিয়ে দেখতে সাইবার সেল তদন্ত শুরু করেছে। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এটি কোনও ভুয়ো হুমকি নাকি এর পেছনে বড় কোনও চক্রান্ত রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিশনগঞ্জ আদালত চত্বরে।

