কিশনগঞ্জ: বেসরকারি ব্যাংক কর্মীর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করল কিশনগঞ্জ (Kishanganj) সদর থানার পুলিশ। বুধবার রাতে পৃথক তিনটি অভিযানে ঘটনার সঙ্গে যুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে লুটের অধিকাংশ নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত বাইক। বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানান কিশনগঞ্জের নতুন পুলিশ সুপার সন্তোষ কুমার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অনিল কুমার নামে এক বেসরকারি ব্যাংক কর্মী ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে জেলা সদরে ফিরছিলেন। পটলবা তিনমোহানি গ্রামের কাছে একটি বাইকে আসা তিন দুষ্কৃতী তাঁর পথ আটকে প্রায় এক লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয়। ওই রাতেই সদর থানায় নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেন অনিল কুমার।
ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত তদন্তে নামে কিশনগঞ্জ পুলিশ। মোবাইল লোকেশন ও গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে চালানো অভিযানে গ্রেপ্তার করা হয় মহম্মদ শাহনওয়াজ আলম(২৫), মহম্মদ বাবলু আলম(২০) ও মহম্মদ বাবুল আলম নামে তিন দুষ্কৃতীকে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটের নগদ ৯১ হাজার ১০০ টাকা, ৫টি মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত বাইকটি। পুলিশ সুপার সন্তোষ কুমার জানান, ধৃতরা জেরায় অপরাধ কবুল করেছে।
এদিন কিশনগঞ্জ আদালতের নির্দেশে ধৃত তিনজনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে জেলে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলা সদরের প্রাণকেন্দ্রে এই দ্রুত পুলিশি হস্তক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দারা।

