উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট (WB Election Result 2026) পরবর্তী পরিস্থিতিতে শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালবাজারে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ (Kolkata Police Commissioner)। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভোট শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে এবং এই পরিবেশ বজায় রাখাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না।
এদিনের বৈঠকে পুলিশ কমিশনার (CP Ajoy Nanda) একটি বিশেষ নির্দেশিকা জারি করেন। তিনি জানান, বিজয় মিছিলে কোনওভাবেই ‘আর্থ মুভার’ (জেসিবি) ব্যবহার করা যাবে না (Earth Mover Restriction)। শুধু তাই নয়, যে সমস্ত মালিকেরা এই ধরণের যন্ত্র মিছিলের জন্য ভাড়া দেবেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


শহরবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, যে কোনও সমস্যায় সরাসরি পুলিশকে ফোন করুন। বর্তমানে শহরে নিরাপত্তা রক্ষায় ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। হিংসা বা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পদক্ষেপ করবে। পুলিশ কমিশনারের কথায়, “৮০ জনকে ইতিমধ্য়ে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।” কর্তব্যে গাফিলতি থাকলে পুলিশ কর্মীদের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।
কমিশনার জানান, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ‘সিকিয়োরিটি ডায়রেক্টরেট’ গ্রহণ করবে। একই সঙ্গে বিজয় মিছিল করার ক্ষেত্রেও আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানান, তাঁরা সম্পূর্ণ সতর্ক রয়েছেন। নাগরিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সুরক্ষার স্বার্থে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাহিনী যথাযথ ভূমিকা পালন করছে।

