প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর (Katwa) ব্লকের গাঙ্গুলিডাঙ্গা গ্রামে। গ্রামের মোট ভোটারের প্রায় অর্ধেক অংশকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার প্রতিবাদে সোমবার ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এদিন তাঁরা বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
গাঙ্গুলিডাঙ্গা গ্রামটি কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত (Burdwan)। এখানে দুটি বুথ রয়েছে— ২৮১ এবং ২৮২। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৮১ নম্বর বুথের ৯৮৪ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন এবং ২৮২ নম্বর বুথের ১২১৬ জন ভোটারের মধ্যে ৪৮৮ জনকে শুনানিতে ডাকা হয়েছে। অর্থাৎ, গ্রামের মোট ২২০০ ভোটারের মধ্যে ৮৬৩ জনকেই আগামী ১৯ ও ২০ জানুয়ারি শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে। সোমবার বিএলও (BLO) এই নোটিশ বিলি করতেই গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ বাসিন্দা ইমাম বক্স মল্লিক ও মনোয়ারা বিবিদের দাবি, ২০০২ সাল থেকেই তাঁদের নাম তালিকায় রয়েছে এবং তাঁরা নির্দিষ্ট ফর্মও জমা দিয়েছেন। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ষড়যন্ত্রমূলকভাবে সংখ্যালঘু প্রধান এই গ্রাম থেকে ভোটারদের নাম বাদ দিতে চাইছে। তৃণমূল নেতৃত্বও গ্রামবাসীদের এই সুরে সুর মিলিয়ে প্রতিবাদে শামিল হয়েছে।
প্রশাসনের দাবি, যাদের খসড়া তালিকায় নাম বা বানানে ভুল রয়েছে, কেবল তাঁদেরই নথিপত্রসহ ডাকা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র পালটা আক্রমণ শানিয়ে বলেন, ‘২০২৬-এর আগে কমিশন নির্ভুল তালিকা তৈরি করতে চাইছে, আর তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি পাকাচ্ছে।’

