কুমারগঞ্জ: কাজ চলছিল বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানোর। সেই কাজের জন্যই আনা হয়েছিল বিদ্যুতের পোল। কিন্তু কে জানত, সেই পোলই ডেকে আনবে যমদূত! মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর পঞ্চায়েতের কুসুমতারা এলাকায় বিদ্যুতের পোল চাপা পড়ে মৃত্যু হলো মুশফিকুর রহমান মণ্ডল (৩৮) নামে এক ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে (Kumarganj Accident)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একটি ভ্যানে করে বিদ্যুৎ দপ্তরের পোল নিয়ে আসা হয়েছিল মুশফিকুরদের বাড়িতে। গ্রামের সরু রাস্তায় পোলগুলি নামানোর কাজ চলছিল। সেই সময় হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওপর থেকে ভারী বিদ্যুতের পোলগুলি সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা মুশফিকুরের ওপর পড়ে যায়। পোলটি সরাসরি তাঁর পিঠে আঘাত করায় গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করছেন মৃতের পরিজনরা। মৃতের আত্মীয় নাসির মণ্ডল অভিযোগ তুলে বলেন, “বিদ্যুৎ দপ্তর থেকে পোল নামানোর কাজে যাদের পাঠানো হয়েছিল, তারা সকলেই অত্যন্ত কমবয়সী এবং অনভিজ্ঞ। তারা কাজটির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলেই আজ আমার কাকা অকালে চলে গেল।” পরিবারের দাবি, কর্মীদের অসাবধানতা ও অদক্ষতার কারণেই এই মর্মান্তিক পরিণতি।
ঘটনার পর থেকেই এলাকায় কান্নার রোল পড়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

