কুমারগঞ্জ: কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) সমজিয়া বালুপাড়া এলাকায়। শুক্রবার গভীর রাতে ৬-৭ জনের একটি দল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বলে অভিযোগ। সূত্রের খবর, বিএসএফ-এর (BSF) সিসিটিভি ফুটেজে এই অনুপ্রবেশের দৃশ্য ধরা পড়েছে।
অনুপ্রবেশকারীরা সীমান্তের ওপার থেকে এসে বালুপাড়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে—এমন খবরের ভিত্তিতে শনিবার দিনভর যৌথ অভিযান চালায় কুমারগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ। তবে দীর্ঘ তল্লাশিতেও কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা অনুপ কুমার শীল ও বিল্লু সরকারের দাবি, অনুপ্রবেশকারী দলে শিশুও ছিল। কুমারগঞ্জ থানার আইসি শীর্ষেন্দু কুণ্ডু জানান, তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।
শনিবার বিকেলে সমজিয়া বিওপিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে একটি জরুরি বৈঠক করে বিএসএফ ও পুলিশ। সীমান্তবর্তী এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি দেখলে অবিলম্বে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির (BJP) জেলা সম্পাদক রজত ঘোষ অনুপ্রবেশকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ-এর নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, তার দায় কেন্দ্রকেই নিতে হবে। কাঁটাতারহীন প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এখন প্রশাসনের কাছে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

