উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষে ‘মাতৃশক্তি’র পর এবার ‘যুবশক্তি’। আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের মন জয় করতে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি নিয়ে ‘যুবশক্তি ভরসা কার্ড’ (BJP Yuva Shakti Card) প্রকাশ করল বিজেপি। সোমবার নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে অলিম্পিক জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মূলত বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’-এর প্রতিশ্রুতিগুলিকেই এই কার্ডের মাধ্যমে গ্যারান্টি হিসেবে তুলে ধরেছে গেরুয়া শিবির।
বিজেপির এই কার্ডে বেকার যুবক-যুবতীদের জন্য একগুচ্ছ যুগান্তকারী অফার দেওয়া হয়েছে: ১. বেকার ভাতা: চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের প্রত্যেক যুবককে প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সাহায্য। ২. বিশাল কর্মসংস্থান: আগামী ৫ বছরে রাজ্যে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি। ৩. স্বচ্ছ নিয়োগ: প্রতি বছর নিয়ম মেনে এসএসসি (SSC), টেট (TET) সহ সমস্ত সরকারি নিয়োগ পরীক্ষা গ্রহণ। ৪. বয়সসীমায় ছাড়: সরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়। ৫. স্টার্ট-আপ ঋণ: ব্যবসা শুরু করতে ইচ্ছুক ৫ লক্ষ যুবক-যুবতীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।


এদিনের অনুষ্ঠানে লিয়েন্ডার পেজ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “গত ১৫ বছরে বাংলার অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। কাজের অভাবে যুবসমাজ মুম্বই, ব্যাঙ্গালোর বা দিল্লি চলে যাচ্ছে। মেধা পাচার রুখতে এবং বাংলাকে পুরনো গৌরব ফিরিয়ে দিতেই মোদী সরকার এই উদ্যোগ নিয়েছে।”তিনি আরও মনে করিয়ে দেন যে, গতকালই মহিলাদের জন্য ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ আনা হয়েছে, যেখানে মাসে ৩০০০ টাকা এবং বিনামূল্যে বাস পরিষেবার মতো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

