অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার(Alipurduar) লোকসভা নির্বাচনে যে ১৮৬৫ বুথ নিয়ে ভোট হয় তার মধ্যে ৭২৩ বুথে দুই সংখ্যাতেও ভোট নেই বামফ্রন্টের(Left Front)। অর্থাৎ লোকসভা কেন্দ্রের প্রায় ৪০ শতাংশ বুথেই ১০টি করে ভোটও পাননি বামফ্রন্টের প্রার্থী মিলি ওরাওঁ। মাত্র ৩৯ হাজার ৭০৯ ভোট পাওয়ায় জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে বামফ্রন্টের প্রার্থী মিলি ওরাওঁয়ের। একসময় আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ বিধায়ক হোক বা সাংসদ সবাই নির্বাচিত হয়েছেন আরএসপির টিকিটে। আর সেই দলের অবস্থাই বর্তমানে শোচনীয়। শুধু আরএসপি বললে ভুল হবে। জেলায় যেন মুখ থুবড়ে পড়েছে বামফ্রন্টের। শেষ লোকসভা নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ২.৭৯ শতাংশ। লাগাতার হারের মুখ দেখে নাজেহাল অবস্থা বামফ্রন্টের। এদিকে ভরাডুবির পর কোথায় কী ফল হয়েছে আপাতত সেই হিসেবনিকেশ করতেই ব্যস্ত বাম নেতারা।
সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কিশোর দাসের কথায়, ‘আমরা যেমন ভোট পাব বলে আশা করেছিলাম সেই রকম ভোট পাইনি সেটা সত্যি। মানুষ এই নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে বেশি ভোট দিয়েছে। তবে কোথায় কী খামতি ছিল সেই চর্চা চলছে আমাদের মধ্যে।’ অন্যদিকে আরএসপির জেলা সম্পাদক সুব্রত রায় আবার জানালেন, তাঁদের দলের তরফে অঞ্চল স্তরে নেতারা ভোটের হিসেব করছেন। কোন এলাকায় কী ভোট পড়েছে সেটার হিসেব করা হচ্ছে। ভোট নিয়ে বিস্তারিত তাঁরা সমস্ত রিপোর্ট আসার পরই বলতে পারবেন।
বাম নেতারা বিস্তারিত হিসেব না বলতে চাইলেও নির্বাচন কমিশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৪০ শতাংশ বুথে দশের কম ভোট পাওয়ার পাশাপাশি বামেদের গোটা লোকসভা এলাকায় ২৭ বুথে ভোট সংখ্যা শূন্য। যে ৭২৩ বুথে দুই সংখ্যা ভোট নেই বামফ্রন্টের তার মধ্যে বেশিরভাগ বুথ রয়েছে কালচিনি বিধানসভা এলাকাতেই। ওই বিধানসভারই বাসিন্দা ছিলেন আলিপুরদুয়ার আসনে বামফ্রন্টের প্রার্থী মিলি ওরাওঁ। তাঁর বাবা প্রাক্তন সাংসদ মনোহর তিরকি এখনও ওই এলাকায় থাকেন। কালচিনিতে ২৭৬ বুথের মধ্যে ১৭৫টি বুথে দুই সংখ্যায় যায়নি লালবাহিনীর ভোট, ৯ বুথে একটিও ভোট পড়েনি।
এক সংখ্যায় ভোট পাওয়ার দিকে কালচিনির পরই রয়েছে নাগরাকাটা, কুমারগ্রাম এবং মাদারিহাট। এই তিন বিধানসভা এলাকায় যথাক্রমে ১১০, ১০৮ এবং ১০৩ বুথে দুই সংখ্যায় ভোট পাননি মিলি। অন্যদিকে, লোকসভা কেন্দ্রে মাত্র ৩২ বুথে তিন সংখ্যায় ভোট পড়েছে বামেদের। তার মধ্যে সব থেকে বেশি নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে। ওই এলাকায় ১৩ বুথে তিন সংখ্যা পার হয়েছে। বামেরা এই বিধানসভার ১৪০ নম্বর বুথে আবার সব থেকে বেশি ভোট পেয়েছেন, ৫১৬টি। লোকসভার সাতটি বিধানসভায় খারাপ ফল হলেও সেগুলোর মধ্যে ভালো ফল হয়েছে আলিপুরদুয়ার বিধানসভায়। এই এলাকায় মাত্র ৬৬ বুথে এক সংখ্যায় ভোট পেয়েছে বামেরা। এই ‘ভালো ফল’ নিয়েই আপাতত আগামী বিধানসভাকে পাখির চোখ করছে বামফ্রন্ট।

