অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: শীত পড়তেই পর্যটকদের ভিড় জমছে আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের (Buxa) লেপচাখা গ্রামে (Lepchakha)। ইতিমধ্যেই জেলার পর্যটন মানচিত্রেও জায়গা করে নিয়েছে গ্রামটি। পর্যটকের কাছে লেপচাখাকে আরও আকর্ষণীয় করে তুলেছে চলতি সপ্তাহে শুরু হওয়া লোসার উৎসব।
প্রতি বছরই ডুকপা জনজাতির বাসিন্দারা এই উৎসবে শামিল হন (Dukpa community)। বক্সা পাহাড়ের বিভিন্ন গ্রামে ধাপে ধাপে হয় এই উৎসব। গত বুধবার থেকে উৎসব শুরু হয়েছে লেপচাখা গ্রামে। আগামী মঙ্গলবার পর্যন্ত উৎসব চলবে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে উৎসবে মেতেছেন পর্যটকরাও।
লেপচাখার বাসিন্দা পিনছো ডুকপা বললেন, ‘এটা আমাদের একটা বার্ষিক উৎসবের মতো। গ্রামের যে বাসিন্দারা কাজের সূত্রে বাইরে থাকেন, তাঁরাও এ সময় বাড়ি ফিরে আসেন। বক্সার অন্য গ্রাম থেকেও অনেকে এসময় লেপচাখায় আসেন। সকলে মিলে একসঙ্গে আনন্দে কাটে কয়েকটা দিন।’
ডুকপা জনজাতির মানুষদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাঁরা সকাল থেকেই লোসার উৎসবে শামিল হন। বৌদ্ধ মন্দিরে প্রার্থনা করে শুরু হয় উৎসব। সারাদিন চলে তিরন্দাজি প্রতিযোগিতা। গ্রামের সকল পুরুষ বাড়ি থেকে দুপুরের খাবার এনে একসঙ্গে ভাগাভাগি করে খান। উৎসবের শেষের দিন গ্রামের মহিলারাও পুরুষদের সঙ্গে যোগদান করেন।
খাবার খাওয়ার পর বিকেল পর্যন্ত চলে তিরন্দাজি। চা বিরতির পর সন্ধ্যায় ফের প্রার্থনায় শামিল হন গ্রামের সকলে। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত পর্যন্ত চলে।
লোসারের জন্য প্রতি বছর বক্সায় ভিড় করেন অনেক পর্যটক। বিহারের নালন্দার বাসিন্দা সৌর্য পুরোহিত পেশায় ভারতীয় রেলের কর্মী। তিনি পরিবার নিয়ে লেপচাখায় ঘুরতে এসেছেন। তাঁর কথায়, ‘গত বছর এই উৎসবের কথা শুনেছিলাম। এবছর দেখার ইচ্ছে ছিল। তাই পরিবারকে সঙ্গে করে নিয়ে এসেছি।’
লেপচাখায় থাকা একটি হোমস্টে মালিক সোহম চক্রবর্তী জানালেন, পর্যটকদের ঠাসা ভিড় রয়েছে এই মুহূর্তে। ট্যুরিস্ট গাইড জেমস ভুটিয়ার কথায়, ‘যে পর্যটকরা এই উৎসব নিয়ে কিছু জানেন না তাঁদেরও আমরা দেখাচ্ছি এবং উৎসব নিয়ে তথ্য দিচ্ছি।’

