উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের (Iran-Israel Conflict) আঁচ এবার সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্থিরতার জেরে দেশীয় বাজারে রান্নার গ্যাসের (LPG) দাম (LPG Price Hike) এক লাফে অনেকটাই বাড়ল। আজ, ৭ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন হার অনুযায়ী, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ১১৫ টাকা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) সূত্রে খবর, দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম (Domestic Gas Price) ৮৫৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১৩ টাকা। কলকাতাবাসীকে এখন একটি সিলিন্ডারের জন্য খরচ করতে হবে প্রায় ৯৩৯ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে নতুন দাম যথাক্রমে ৯১২.৫০ টাকা এবং ৯২৮.৫০ টাকা। ২০২৫ সালের এপ্রিলের পর এই দ্বিতীয়বার গার্হস্থ্য গ্যাসের দাম বৃদ্ধি পেল।
রেস্তোরাঁতেও চাপ, বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার
হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও (Commercial Cylinder Price) পাল্লা দিয়ে বেড়েছে। দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ১,৮৮৩ টাকা এবং কলকাতায় তা পৌঁছেছে প্রায় ১,৯৯০ টাকায়। এ বছর বাণিজ্যিক সিলিন্ডারের দাম সব মিলিয়ে ৩০০ টাকারও বেশি বেড়েছে, যার প্রভাব খাদ্যপণ্যের দামের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।
কেন এই আকস্মিক বৃদ্ধি?
মূলত ইরান ও ইজরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনাই এই মূল্যবৃদ্ধির নেপথ্যে। বিশ্ববাজারের তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সংঘর্ষের কারণে এই পথে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। ভারতের এলপিজি আমদানির প্রায় অর্ধেক এই রুটেই আসে।
স্বস্তি ও আশ্বাস
মূল্যবৃদ্ধির বাজারে একমাত্র স্বস্তি উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। তাঁরা বার্ষিক ১২টি সিলিন্ডার পর্যন্ত প্রতিটিতে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। অন্যদিকে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, দাম বাড়লেও দেশে জ্বালানির কোনো সংকট নেই। রাশিয়া ও আমেরিকার মতো দেশ থেকে আমদানি বাড়িয়ে ভারত নিজের জ্বালানি নিরাপত্তা মজবুত করেছে। বর্তমানে দেশে প্রায় ৫০ দিনের জ্বালানি মজুত রয়েছে।

