উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীতকাল মানেই ত্বক এবং ঠোঁটের বাড়তি যত্নের দরকার। বাজারচলতি লিপ বামের বদলে, এবার সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন লিপ বাম(Lip care)। যা শুধু আপনার ঠোঁটকে গভীর আর্দ্রতাই দেবে না, সঙ্গে এটি ঠোঁট ফাটা, কালো ছোপ এবং শুষ্কতার মতো সমস্যাও দূর করবে। জেনে নিন কিভাবে তৈরি করবেন।
উপকরণ
গ্রেট করা মোম ১ চামচ, নারকেল তেল ১ চামচ, মধু ১ চামচ, ভিটামিন ই ক্যাপসুল ১টি, পছন্দসই এসেনশিয়াল অয়েল ২-৩ ফোঁটা, যেমন- ল্যাভেন্ডার বা পিপারমিন্ট
কিভাবে তৈরি করবেন?
একটি হিটপ্রুফ কাঁচের বাটি নিন এবং ডাবল বয়লার পদ্ধতিতে মোম গলানোর ব্যবস্থা করুন। একটি বড় পাত্রে জল গরম করে, তার উপরে কাঁচের বাটিটি বসিয়ে দিন। কাঁচের বাটিতে গ্রেট করা মোম ও নারকেল তেল একসঙ্গে নিন। মোম ও তেল সম্পূর্ণ গলে ভালভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। মিশ্রণটি পুরোপুরি গলে গেলে আঁচ থেকে নামিয়ে নিন। এবার তাতে মধু এবং ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার তেল মিশিয়ে দিন। যদি ব্যবহার করতে চান, তবে এসেনশিয়াল অয়েল যোগ করুন। মিশ্রণটি দ্রুত একটি পরিষ্কার খালি লিপ বামের পাত্র বা ছোট কাঁচের শিশিতে ঢেলে দিন। পাত্রটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কয়েক ঘণ্টা রেখে দিন, অথবা দ্রুত জমানোর জন্য ২০-৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। জমে গেলেই তৈরি হ্যান্ডমেড লিপ বাম(Lip care)।

