মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh) অনুপ্রবেশ আটকানোর অভিযানে বড়সড়ো সাফল্য পেল মালদা জেলার হবিবপুর থানার পুলিশ (Malda)। টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করানোর অভিযোগে (Illegal infiltration) গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় তরুণকে। ধৃতের নাম রাজু মণ্ডল ওরফে সুজিত চৌধুরী (২৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণের বাড়ি হবিবপুরের আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায়।
তদন্তকারী আধিকারিকদের মতে, এই চক্রের পর্দাফাঁস হয় গত ২১শে জানুয়ারি। ওইদিন এক বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত সেই বাংলাদেশি নাগরিককে পুলিশ জেরা করতেই বেরিয়ে আসে রাজু মণ্ডলের নাম। জানা যায়, রাজু টাকার বিনিময়ে সীমান্ত পারাপারে ‘এজেন্ট’ হিসেবে কাজ করছিল।
এরপর পুলিশ তল্লাশি চালিয়ে অবশেষে রাজু মণ্ডলকে পাকড়াও করে। ধৃত তরুণ কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত এবং এর আগে কতজনকে সে সীমান্ত পার করিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

